খাবারে ঝাল বেশি দেওয়ায় বগুড়ার শাহজাহানপুর উপজেলায় নুরজাহান বিবি (৩৫) নামে এক গৃহবধূকে গলাকেটে হত্যা করেছে তার স্বামী।
মঙ্গলবার রাতে উপজেলার শাকপালা দীঘিরপাড়া এলাকার ভাড়া বাসা থেকে ওই নারীর লাশ উদ্ধার করে পুলিশ।
বুধবার সকালে স্বামী শাহীন আলমকে (৩২) বগুড়া সদর এলাকা থেকে আটক করা হয়। তাদের বাসার পাশ থেকে হত্যায় ব্যবহৃত ছুরিও উদ্ধার হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
শাহীন বগুড়া সদর উপজেলার কদিমপাড়া গ্রামের বাসিন্দা। তিনি বগুড়া শহীদ জিয়াউর মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের কেবিন ওয়ার্ডবয় হিসেবে কাজ করে। নিহত নুরজাহান বিবি শিবগঞ্জ উপজেলার দাইমুল্যা গ্রামের মৃত সাবাশ শিকদারের মেয়ে।
শাহীনের প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে পুলিশ জানায়, বনিবনা না হওয়া, ফোনে অতিরিক্ত কথা বলা ও
নিয়মিত রান্নায় ঝাল বেশি দেওয়ায় নুরজাহানকে হত্যা করেছে সে।
বগুড়ার শাজাহানপুর থানার পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ জানান, এটি নুরজাহান ও শাহীন দু’জনেরই দ্বিতীয় বিয়ে। নুরজাহান বগুড়া শজিমেক হাসপাতালে রোগী নিয়ে গেলে তার সঙ্গে শাহীনের পরিচয় হয়। এরপর দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এর জের ধরে গত ২২ আগস্ট তারা বিয়ে করেন।
এরপর শাকপালার দীঘিরপাড়া এলাকায় বাসা ভাড়া নিয়ে বসবাস শুরু করে তারা। মঙ্গলবার রাত ১০টার দিকে তালা দেওয়া ঘরের বিছানায় নুরজাহানের লাশ পড়ে থাকতে দেখেন কয়েকজন প্রতিবেশী। পরে খবর পেয়ে শাজাহানপুর পুলিশ দরজা ভেঙে তার লাশ উদ্ধার করে শজিমেক হাসপাতালের মর্গে পাঠায়।
আবুল কালাম আজাদ আরও জানান, ফোনে বেশি কথা বলা ও রান্নায় বেশি ঝাল দেওয়া নিয়ে তাদের মধ্যে মতবিরোধ সৃষ্টি হয়। আর এ থেকেই শাহীন স্ত্রী নুরজাহানকে গলাকেটে হত্যা করেন।
সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) সনাতন চক্রবর্তী জানান, বুধবার সকালে বগুড়া সদরের একটি স্থান থেকে নুরজাহানের স্বামী শাহীনকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি তার স্ত্রীকে হত্যার কথা স্বীকার করেছেন।
শাহীনের বরাত দিয়ে সনাতন চক্রবর্তী আরও জানান, মঙ্গলবার আসর নামাজের পর সে প্রথমে কোমল পানীয়ের সঙ্গে ১০টি ঘুমের ট্যাবলেট মিশিয়ে নূরজাহানকে খাওয়ান। কিছুটা অচেতন হলে হাত বেঁধে তিনটি ঘুমের ইঞ্জেকশন দেয়। নুরজাহান পুরো অচেতন হয়ে পড়লে ছুরি দিয়ে গলা কেটে হত্যার পর ঘরের দরজায় তালা দিয়ে পালিয়ে যায় শাহীন। তার স্বীকারোক্তিতে বাসার পাশ থেকে হত্যায় ব্যবহৃত ছুরিটি উদ্ধার করা হয়েছে।
বুধবার সকাল পর্যন্ত কোনো মামলা হয়নি।