রিফাত হত্যা মামলা: মিন্নির পর আরেক আসামির জামিন

বরগুনায় আলোচিত রিফাত শরীফ হত্যাকাণ্ডের ঘটনায় প্রধান সাক্ষী থেকে আসামি হওয়া তার স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নির পর চার্জশিটভুক্ত আসামি আরিয়ান হোসেন শ্রাবণের জামিন মঞ্জুর করেছে আদালত।

বুধবার বিকেল চারটার দিকে বরগুনার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আসাদুজ্জামান এ জামিনের আদেশ দেন। এই মামলায় ১৪ নম্বর আসামি শ্রাবণ।

এদিকে এ মামলা চার্জশিট দাখিলের পর মঙ্গলবার শ্রাবণসহ অপর ছয়জন অপ্রাপ্তবয়স্ক অভিযুক্তকে যশোর শিশু কিশোর সংশোধনাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।

গত ৮ জুলাই আরিয়ান হোসেন শ্রাবণকে গ্রেপ্তারের কথা জানায় পুলিশ। দুই দফায় ১০ দিনের রিমান্ড শেষে গত ১৮ জুলই আরিয়ান শ্রাবণ বরগুনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে রিফাত হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। এরপর থেকেই কারাগারে ছিলেন আরিয়ার শ্রাবণ।

এ বিষয়ে আরিয়ান শ্রাবণের আইনজীবী গোলাম মোস্তফা কাদের বলেন, পূর্ণাঙ্গ শুনানি শেষে জেলা ও দায়রা জজ আদালত শ্রাবণের জামিনের আদেশ দেন।

উল্লেখ্য, মঙ্গলবার বিকেল ৪টার দিকে বরগুনা জেলা কারাগার থেকে আনুষ্ঠানিকতা শেষে মিন্নি জামিনে মুক্তি পান।

গত ২৬ জুন বরগুনা সরকারি কলেজের সামনের রাস্তায় স্বামী রিফাতের হামলাকারীদের ঠেকাতে মিন্নির চেষ্টার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে আলোড়ন সৃষ্টি হয়। পরদিন ১২ জনকে আসামি করে রিফাতের বাবা আবদুল হালিম দুলাল শরীফের করা মামলায় মিন্নি ছিলেন প্রধান সাক্ষী। এরই মধ্যে এ হত্যার ‘মূল পরিকল্পনাকারী’ সাব্বির আহমেদ ওরফে নয়ন বন্ড পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়।