মাদারীপুরের কালকিনি উপজেলা ছাত্রলীগের কমিটি গঠনের জের ধরে ছাত্রলীগের নবনির্বাচিত নেতাকর্মীদের হামলায় পদপ্রত্যাশী সাবেক দুই ছাত্রলীগ নেতা আহত হয়েছেন। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে এ হামলার ঘটনা ঘটে।
জানা গেছে, গত ২ সেপ্টেম্বর রাতে কালকিনি উপজেলা, পৌর ও কলেজ ছাত্রলীগের কমিটি একই সঙ্গে ঘোষনা করা হয়। এ কমিটি অনুমোদন করেন জেলা ছাত্রলীগের সভাপতি জাহিদ হাসান অনিক ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বায়েজিদ হাওলাদার। এ কমিটি ‘ত্যাগী’দের বাদ দিয়ে গঠন করার প্রতিবাদে বুধবার পদপ্রত্যাশী কলেজ ছাত্রলীগের সাবেক আহ্বায়ক মো. পলাশ বেপারি ও ছাত্রলীগ নেতা সাব্বির সরদারের নেতৃত্বে কালকিনি কলেজ চত্বরে বিক্ষোভ মিছিল বের করা হয়। এ সময় উপজেলা ছাত্রলীগের নবনির্বাচিত কমিটির সভাপতি বদিউজ্জামান বাকামিন খানের নেতৃত্বে একটি আনন্দ মিছিল করা হয়। দুটি মিছিল মুখোমুখি হলে বাকামিন খান তার কর্মী-সমর্থকদের নিয়ে পলাশ বেপারির মিছিলের ওপর হামলা চালান। এতে আহত হন পলাশ বেপারি ও রমজান হোসেন। পরে তাদের কালকিনি হাসপাতালে ভর্তি করা হয়।
কালকিনির থানার ওসি মো. মোফাজ্জেল হোসেন বলেন, সামান্য চড় থাপ্পড় ও কিল-ঘুষির ঘটনা ঘটেছে। বড় ধরনের কিছু নয়। পরিস্থিতি শান্ত করেছি।