ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের সর্বশেষ পরিস্থিতি নিয়ে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেনের সঙ্গে ফোনে কথা বলেছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী মাখদুম শাহ মেহমুদ কুরেশি। গত মঙ্গলবার পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রচারিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা
গত মঙ্গলবার সন্ধ্যায় দুই পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে বলেছেন, মঙ্গলবার বিকেলে আবদুল মোমেনকে ফোন করেন মাখদুম শাহ মেহমুদ কুরেশি।
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিরোধপূর্ণ জম্মু ও কাশ্মীরের অবস্থান পরিবর্তন করে ভারত অবৈধভাবে এবং একতরফা যে পদক্ষেপ নিয়েছে, তা বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর কাছে তুলে ধরেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী। এক মাস জুড়ে কাশ্মীরে মানবাধিকার ও মানবিক পরিস্থিতির অবনতির কথা উল্লেখ করে মাখদুম শাহ বলেন, সেখানকার পরিস্থিতি এ অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতার জন্য বড় হুমকি সৃষ্টি করেছে। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী সংলাপ ও আলোচনার মধ্য দিয়ে বিরোধ নিরসনের গুরুত্বের ওপর জোর দিয়েছেন বলে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে দাবি করা হয়।