স্বাস্থ্য অধিদপ্তরে নিয়োগ প্রক্রিয়ায় স্থগিতাদেশ হাইকোর্টের

স্বাস্থ্য অধিদপ্তরের অধীনে চিকিৎসকসহ ১৮ পদে ১৪৩ জনকে নিয়োগ দিতে যে বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছিল এর ওপর তিন মাসের স্থগিতাদেশ দিয়েছে হাইকোর্ট।  

পাশাপাশি গত ১৮ আগস্ট প্রকাশিত ওই নিয়োগ বিজ্ঞপ্তি কেন অবৈধ ও বেআইনি ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছে আদালত। এ সংক্রান্তে একটি রিট আবেদনের ওপর শুনানি নিয়ে গতকাল বুধবার বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমান ও

 বিচারপতি মোহাম্মদ আলীর সমন্বয়ে গঠিত হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ রুলসহ এ আদেশ দেয়।

চার সপ্তাহের মধ্যে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, স্বাস্থ্য সচিব, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সচিব, বিশ^বিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যানসহ সাতজনকে রুলের জবাব দিতে বলা হয়েছে। আদালতে রিটের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী এ বি এম আলতাফ হোসেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল প্রতিকার চাকমা।

আইনজীবীরা জানান, গত ১৮ আগস্ট একটি জাতীয় দৈনিকে স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তিতে ইউনানি আয়ুর্বেদিক চিকিৎসকসহ ১৮টি পদে ১৪৩ জনকে নিয়োগের বিষয়টি উল্লেখ করা হয়। বিজ্ঞপ্তি অনুসারে অনলাইনে আবেদন করার সময় হামদর্দ বিশ^বিদ্যালয়ের নাম না থাকায় ওই বিশ^বিদ্যালয়ের পাস করা চিকিৎসকরা আবেদন করতে পারেননি।

এরপর ওই নিয়োগ বিজ্ঞপ্তির বৈধতা চ্যালেঞ্জ করে হামদর্দ বিশ^বিদ্যালয় থেকে পাস করা দুই চিকিৎসক ডা. আবদুল্লাহ আল মামুন ও ডা. মোহাম্মদ ইউনুছ আলী হাইকোর্টে রিট আবেদন করেন। এরই ধারাবাহিকতায় শুনানি শেষে এ আদেশ ও রুল হলো।