বিএনপির নালিশ দেউলিয়াত্বের প্রকাশ : তথ্যমন্ত্রী

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি ও ঐক্যফ্রন্টের নেতারা বিদেশি কূটনীতিকদের কাছে গিয়ে ঘন ঘন নালিশ দিচ্ছেন, এটার মাধ্যমে তাদের রাজনৈতিক দেউলিয়াত্বই প্রকাশ পায়। কারণ মানুষ রাজনীতি করে জনগণের জন্য। যদি তাদের কোনো ওজর আপত্তি থাকে সেটা নালিশ দেবে বাংলাদেশের জনগণকে। গতকাল বুধবার সন্ধ্যায় চট্টগ্রাম শিল্পকলা একাডেমি মিলনায়তনে বাংলাদেশ-ভারত নজরুল সম্মেলন

২০১৯-এ প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

গতকাল সকালে বিএনপি নেতা ড. আবদুল মঈন খানের বাসায় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন ও দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মার্কিন রাষ্ট্রদূতসহ কয়েকজন কূটনীতিকের সঙ্গে বৈঠক করেন।

তথ্যমন্ত্রী বলেন, ‘ড. কামাল হোসেনের মতো মানুষ যিনি আইন এবং আদালতের কথা বলেন। আইনের শাসনের কথা বলেন। তিনি আবার আদালতের বিরুদ্ধে গিয়ে বিদেশিদের কাছে অভিযোগ দেন এটি সত্যিই দুঃখজনক।’

তিনি আরও বলেন, ‘হেনস্তা করার কারণে ব্যারিস্টার মঈনুল হোসেনের বিরুদ্ধে মামলা করেছেন এক নারী সাংবাদিক। ব্যারিস্টার মঈনুল হোসেন আপিলেট ডিভিশনে গিয়েছিলেন। আপিলেট ডিভিশন তাকে নিম্ন আদালতে হাজির হতে বলেছে। নিম্ন আদালত তার জামিন বাতিল করেছে। এটি সম্পূর্ণভাবে আদালতের বিষয়, রাজনৈতিক বিষয় নয়। এটাও তারা বিদেশিদের কাছে নালিশ দিয়েছেন।’

নজরুল একাডেমি ঢাকার সভাপতি মিন্টু রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন জাতীয় কবি নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. মোহীত উল আলম, নজরুল ইনস্টিটিউটের উপপরিচালক কবি রেজাউদ্দিন স্টালিন, বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের মহাব্যবস্থাপক নিতাই কুমার ভট্টাচার্য, নজরুল একাডেমি চট্টগ্রামের সাধারণ সম্পাদক ফাহমিদা রহমান। অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন বাংলাদেশ ও ভারতের নজরুল সংগীতের বরেণ্য শিল্পীরা, যার মধ্যে আছেন বাংলাদেশের ফেরদৌস আরা এবং ভারতের মঞ্জুষা চক্রবর্তী ও তুহিন পাল।