লাইভ ব্লাড ব্যাংক মোবাইল অ্যাপ্লিকেশন অ্যাপ। জরুরি প্রয়োজনে রক্তের সন্ধানে রক্তদাতা ও গ্রহীতার জন্য একটি দ্রুত, সহজ এবং নিরাপদ প্ল্যাটফর্ম এটি। বর্তমান সময়ে ডেঙ্গু আক্রান্ত রোগীসহ বিভিন্ন জরুরি প্রয়োজনে সহজে ও দ্রুততম সময়ে নিরাপদ রক্তের সন্ধান এবং স্বেচ্ছায় রক্তদানকে উৎসাহিত করতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উদ্যোগে আইসিটি প্রতিমন্ত্রীর নির্দেশনায় এই অ্যাপসটি তৈরি করা হয়।
বুধবার রাজধানীর আগারগাঁওস্থ আইসিটি টাওয়ারের বিসিসি মিলনায়তনে এই অ্যাপটির উদ্বোধন করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
উদ্বোধন অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, জরুরি রক্তের প্রয়োজনে পেশাদার রক্তদাতা দ্বারা অনেক সময় প্রতারণার শিকার হতে হয়। কাজেই, জরুরি সময়ে যেন কাউকে প্রতারিত হতে না হয় সেদিক থেকে এটি একটি নিরাপদ প্ল্যাটফর্ম।
রক্তদাতা ও গ্রহীতার মধ্যে সেতুবন্ধন হিসেবে কাজ করবে উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশে এখন বছরে প্রায় ১০ লাখ ব্যাগেরও বেশি রক্তের প্রয়োজন। যার ৮০ ভাগই পাওয়া যায় স্বেচ্ছায় রক্তদাতাদের কাছ থেকে। কিন্তু জরুরি অবস্থায় সঠিক রক্তদাতার সন্ধান পাওয়ার বিষয়ে এই মোবাইল অ্যাপটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
অনুষ্ঠানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব এনএম জিয়াউল আলমের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক পার্থপ্রতিম দেব ও ছাত্রলীগের সভাপতি রেজওয়ানুল হক চৌধুরীসহ অনেকে।