শাহজাদপুরে ফুটবল খেলাকে কেন্দ্র করে অন্তত ২০ শিক্ষার্থী আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে।
শাহজাদপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবদুল কাদের বিশ্বাস বলেন, সকালে শাহজাদপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি বিদ্যালয় ফুটবল প্রতিযোগিতায় পোতাজিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয় ও চিথুলিয়া রাবেয়া নজিবর উচ্চ বিদ্যালয় টিমের মধ্যে খেলা চলছিল। একপর্যায়ে দু’পক্ষের দুই খেলোয়াড়ের মধ্যে কথাকাটাকাটির একপর্যায়ে কিলঘুষি ও মারপিট শুরু হয়। এ সময় উভয় স্কুলের শিক্ষার্থীরা মাঠে ঢুকে একে অপরের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে শাহজাদপুর থানা পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি স্বাভাবিক করে। মাঠের হামলা ও মারপিট বন্ধ হলেও পথে যে যাকে পায় তাকে ধরেই মারধর করে। এতে উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হয়। এ সময় পুলিশ ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করে।
শাহজাদপুর থানার ওসি (তদন্ত) শহিদুল ইসলাম জানান, দোষ প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।