গতকাল ছিল সংগীতশিল্পী ইমরান মাহমুদুলের জন্মদিন। সম্প্রতি নতুন মিউজিক ভিডিও প্রকাশ করেছেন। ব্যস্ত সিনেমার জন্য গান তৈরি নিয়ে। জন্মদিন উদযাপন ও সমসাময়িক বিষয়ে তার সঙ্গে কথা বলেছেন ইফতেখার শুভ
জন্মদিন উদযাপন
গতকাল রাত ১২টা ১ মিনিট বাজার সঙ্গে সঙ্গেই ফেইসবুকে অনেকেই আমাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। দিনভর বন্ধুমহল ও শুভাকাক্সক্ষীদের শুভবার্তা ও ফোন পেয়েছি। আমার ছবি, শুভেচ্ছাবার্তা দেয়ালে লাগিয়ে কেক নিয়ে তোলা ছবি আমাকে ফেইসবুক পেজে ট্যাগ করা হচ্ছে। কেউ আবার ভিডিও পাঠাচ্ছেন। সব মিলিয়ে বলতে পারেন ভক্ত ও সহকর্মীদের শুভেচ্ছায় সিক্ত হয়েছি। যে ভক্তরা আমার সঙ্গে দেখা করার সুযোগ পান না, অথচ বিশেষ দিনে ভালোবাসা জানাচ্ছেন, তাদের প্রতি আমি
কৃতজ্ঞ। খুব ভালো লাগছে। আমার সবচেয়ে বেশি ভালো লাগে যখন সবাই আমার জন্য দোয়া করেন ও মঙ্গল কামনা করেন।
‘শুধু তোমায় ঘিরে’...
সম্প্রতি আমার একটি মিউজিক ভিডিও প্রকাশ হয়েছে। গানের শিরোনাম ‘শুধু তোমায় ঘিরে’। শরীফ আল দ্বীনের কথায় গানের সুর করেছেন নাজির মাহমুদ এবং সংগীতায়োজন করেছেন মুশফিক লিটু। গানটিতে আমার সঙ্গে মডেল হয়েছেন জনপ্রিয় মডেল ও উপস্থাপিকা মারিয়া নূর। দারুণ একটি প্রেমের গল্প নিয়ে ভিডিওটি নির্মাণ করেছেন ভিকি জাহিদ। এটা আমার জন্য অন্যরকম অভিজ্ঞতা ছিল। কারণ একই গল্পে আমাকে স্বপ্ন ও জাগরণের মধ্যে অভিনয় করতে হয়েছে। সহশিল্পী হিসেবে মারিয়াও দারুণ। বিশেষ করে এই ভিডিওর গল্পের মাধ্যমে কাছের মানুষকে সব সময় মূল্যায়ন না করলে কী হয় তা ফুটিয়ে তোলা হয়েছে। একটি ভালো গানের মাধ্যমে যদি একটি ভালো বার্তাও পৌঁছে দেওয়া যায় তারচেয়ে বড় প্রাপ্তি আর কী হতে পারে শিল্পীর জন্য? সব মিলিয়ে দারুণ একটা অভিজ্ঞতা অর্জন করলাম। ধ্রুব মিউজিক স্টেশনের ইউটিউব চ্যানেলে প্রকাশের পর ভিডিওটি এরই মধ্যে প্রায় এক মিলিয়ন ভিউ হয়েছে।
আরও দুই গান...
ঈদে দুটি নতুন গান এসেছে। মাহমুদ মাহিদ পরিচালিত, টয়া ও শাওন অভিনীত শর্টফিল্ম ‘চিরকুট’-এ একটি গান ব্যবহার হয়েছে। এটি কলেজ জীবনের ইনোসেন্ট প্রেমের গল্প। আমার গাওয়া ‘স্বর্গ’ গানটির ভিডিও আলাদা করে ইউটিউবে প্রকাশ হয়েছে। গানটি ইউটিউবে ৭ লাখ করে ভিউ পেয়েছে। এছাড়া কলকাতার জনপ্রিয় শিল্পী শুভমিতার সঙ্গে দ্বৈত কণ্ঠে গাওয়া ‘ক্ষয়’ গানটির মিউজিক ভিডিও প্রকাশ করেছি। এতেও আমার সঙ্গে মডেল হয়েছেন টয়া। টয়া আর আমার রসায়নও প্রশংসিত হয়েছে। এ গানটিও কিছুদিনের মধ্যে এক মিলিয়ন ভিউ পার করবে ইউটিউবে। এর বাইরে নিয়মিত সিনেমার জন্য গান করছি। অন্য শিল্পীদের জন্যও অডিও গানের সুর-সংগীত নিয়ে ব্যস্ত থাকতে হচ্ছে।