পুঁজিবাজারে ব্যাংকের বিনিয়োগ বাড়ানোর উদ্যোগ

পুঁজিবাজারে ব্যাংকগুলোর বিনিয়োগ নির্ধারিত সীমার নিচে রয়েছে। বর্তমানে পুঁজিবাজার তারল্য সংকটও রয়েছে। এমন পরিস্থিতিতে ব্যাংকগুলোকে পুঁজিবাজারে বিনিয়োগ বাড়াতে উদ্যোগ নেবেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। গত বুধবার বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) চেয়ারম্যান ড. এম খায়রুল হোসেনকে পুঁজিবাজার পরিস্থিতি স্বাভাবিক করতে এমন উদ্যোগের কথা জানিয়েছেন অর্থমন্ত্রী। গতকাল পুঁজিবাজার সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের সঙ্গে এক বৈঠক শেষে এমন তথ্য জানিয়েছেন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পরিচালক মিনহাজ মান্নান ইমন।

গতকাল বিকেলে এসইসি কার্যালয়ে সিকিউরিটিজ এক্সচেঞ্জ রুলস ১৯৮৭-এর সংশোধনীতে মতামত জানতে ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জসহ বিভিন্ন স্টেকহোল্ডারদের সঙ্গে কমিশনের বৈঠক হয়। ওই বৈঠক শেষে বাজার পরিস্থিতি নিয়ে আলোচনার একপর্যায়ে ব্যাংকগুলোকে পুঁজিবাজারে বিনিয়োগ বাড়াতে অর্থমন্ত্রীর উদ্যোগের কথা জানিয়েছেন এসইসি চেয়ারম্যান।

ডিএসইর পরিচালক মিনহাজ মান্নান ইমন বলেন, এসইসি চেয়ারম্যান গত বুধবার অর্থমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন। এ সময় অর্থমন্ত্রী জানিয়েছেন, তিনি পুঁজিবাজার পরিস্থিতির ওপর নিয়মিত নজর রাখছেন। বাজারের চলমান তারল্য সংকট কাটাতে ব্যাংকগুলোকে বিনিয়োগসীমা অনুযায়ী বিনিয়োগের জন্য উৎসাহ ও আহ্বান করেছেন। এছাড়া বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে এ বিষয়ে করণীয় পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছেন অর্থমন্ত্রী। একই সঙ্গে পুঁজিবাজারের উন্নয়নে সব পদক্ষেপ নেবেন বলে এসইসির চেয়ারম্যানকে অর্থমন্ত্রী আশ্বস্ত করেছেন। গতকাল সিকিউরিটিজ এক্সচেঞ্জ রুলস ১৯৮৭-এর সংশোধনীর বিষয়ে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই), চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) ও ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ডিবিএ) নেতাদের সঙ্গে বৈঠকে বসে কমিশন। এতে স্টেকহোল্ডাররা তাদের খসড়া সংশোধনীর বিষয়ে নিজেদের মতামত তুলে ধরেন। এর মধ্যে স্টক এক্সচেঞ্জের বার্ষিক ফি মওকুফ, ব্রোকার হাউজগুলোর জন্য প্যানেল নিরীক্ষকসহ বিভিন্ন বিষয়ে সুপারিশ তুলে ধরা হয়। ওই সংশোধনীর ওপর স্টেকহোল্ডারদের মতামত শেষে তা চূড়ান্ত করার আগে জনমত জরিপ করা হবে।

এসইসি চেয়ারম্যানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় এসইসির কমিশনার প্রফেসর হেলালউদ্দিন নিজামী, স্বপন কুমার বালা, ডিবিএ সভাপতি শাকিল রিজভী, ডিএসই পরিচালক রকিবুর রহমানসহ অন্যরা উপস্থিত ছিলেন।