মাইক্রোসফটের প্রধান নির্বাহী কর্মকর্তা সত্য নাদেলা নিয়োগের সময় মাত্র দুটি বিষয় খেয়াল করেন। জন্মসূত্রে এই ভারতীয় প্রযুক্তিবিদ বছর চারেক আগে ওয়াল স্ট্রিট জার্নালকে দেওয়া এক সাক্ষাৎকারে সেই দুটি বিষয়ের কথা উল্লেখ করেন।
১. স্বচ্ছ ধারণা: ২০০৮ সালে যখন সত্য নাদেলাকে মাইক্রোসফটের ‘সার্চ, পোর্টাল ও অ্যাডভারটাইজিং প্ল্যাটফর্ম’ দলের প্রধান করা হলো, তখন অনেকেই তাকে অনভিজ্ঞ ভেবেছিল। অথচ তত দিনে মাইক্রোসফটের সঙ্গে তিনি ১৫ বছর পার করেছেন। দায়িত্ব পাওয়ার পর প্রথমেই তিনি তার এক বছরের পরিকল্পনা, লক্ষ্য লিখিতভাবে কর্মীদের জানিয়েছিলেন। সত্য নাদেলা মনে করেন, পরিকল্পনাটা স্বচ্ছভাবে কর্মীদের জানালে একসঙ্গে কাজ করতে সুবিধা হয়।
তাই নিজে যখন কাউকে নিয়োগ দেন, তখন তার এই ক্ষমতাটা খেয়াল করেন।
২. অনুপ্রাণিত করার ক্ষমতা: একটা দলকে অনুপ্রাণিত করার ক্ষমতা কার ভেতর প্রখর, নাদেলা সেটি তীক্ষ্ণভাবে পরখ করেন।
তিনি জানান, নেতৃত্বের একটা বড় শিক্ষা পেয়েছেন ছেলেবেলায় ক্রিকেট খেলার সময়। একসময় ক্রিকেটে নাদেলা ক্রমাগত খারাপ করছিলেন। এক ম্যাচে ব্যাটিং অর্ডারে নাদেলার জায়গা দখল করে নিলেন দলের অধিনায়ক। জয়ের একদম কাছাকাছি পৌঁছে তিনি ঠিকই নাদেলাকে ব্যাট করার সুযোগ দিয়েছিলেন।
সেদিনের কথা স্মরণ করে আজকের মাইক্রোসফটের প্রধান নির্বাহী কর্মকর্তা বলেন, ‘কেন তিনি এই কাজ করলেন, আমি কখনো জিজ্ঞেস করিনি। তবে এতটুকু জানি, সেদিন মাঠে নামতে না পারলে আমার আত্মবিশ্বাস পুরোপুরি ভেঙে পড়ত।’
ওই ঘটনার পরই তিনি ভালো খেলতে শুরু করেন। সত্য নাদেলা মনে করেন, খারাপ সময়েই নেতার উচিত কর্মীর পাশে দাঁড়ানো।