দীর্ঘ এক যুগ পর ফের পটুয়াখালীর কলাপাড়া নৌ-রুটে ঢাকাগামী লঞ্চ চলাচল শুরু হয়েছে। শুক্রবার দুপুর ১২টায় আনুষ্ঠানিকভাবে দোয়া-মিলাদের মধ্য দিয়ে প্রায় দুই শতাধিক যাত্রী নিয়ে রয়েল ক্রুজ-২ নামের একটি লঞ্চ ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। এদিকে বিলাসবহুল এ লঞ্চটি এক নজর দেখতে কলাপাড়া লঞ্চঘাটে ভিড় জমিয়েছে কয়েকশ উৎসুক জনতা।
ঢাকা-কলাপাড়া রুটে লঞ্চ সার্ভিস চালু হওয়ার ফলে যোগাযোগ ব্যবস্থায় যোগ করবে এক নতুন মাত্রা। পর্যটকরা খুব সহজেই এ লঞ্চ যাত্রার মাধ্যমে কুয়াকাটায় আসতে পারবেন। এছাড়া স্থানীয় ব্যবসায়ীরা ঝামেলা বিহীন তাদের মালামাল পরিবহন করতে পারবে।
সংশ্লিষ্ট লঞ্চ ঘাট কর্তৃপক্ষ জানায়, প্রতিদিন ঢাকা থেকে সন্ধ্যা ৬ টায় একটি লঞ্চ কলাপাড়ার উদ্দেশ্যে ছেড়ে আসবে। আবার প্রতিদিন দুপুর ১২টায় কলাপাড়া লঞ্চঘাট থেকে অপর একটি লঞ্চ ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে। পথে বালিয়াতলী, পায়রা বন্দর, রাঙ্গাবালির কোড়ালিয়া ও ফেলাবুনিয়া ঘাট দেবে। এ ছাড়া এ নৌ-রুটে সব সময় দুটি লঞ্চ চলাচল করবে বলে জানান ঘাট কর্তৃপক্ষ।
কলাপাড়া বন্দর ব্যবসায়ী সমিতির অর্থ সম্পাদক ফরিদ উদ্দিন বিপু জানান, এ লঞ্চ সার্ভিস চালু হওয়ার ফলে আমরা প্রতিদিনের মাল প্রতিদিনই আনা-নেয়া করতে পারব।
পর্যটক সোহাগ রহমান জানান, তিন দিন কুয়াকাটায় থাকার পর আজ কলাপাড়া থেকে লঞ্চের মাধ্যমে স্ব-পরিবারে ঢাকায় যাচ্ছি। এ লঞ্চ সার্ভিস চালু থাকলে পর্যটকরা খুব সহজেই কুয়াকাটায় আসতে পারবে।
ঘাট ইজারাদার তানভীর মুন্সি জানান, দীর্ঘদিন এ রুটে লঞ্চ চলাচল বন্ধ থাকার পর আমরা চেষ্টা করে লঞ্চ সার্ভিস চালু করেছি। সকলের সহযোগিতা পেলে লঞ্চ সার্ভিসটি চালু থাকবে। আর এ লঞ্চ সার্ভিসের মাধ্যমে পর্যটরা নির্বিঘ্নে কুয়াকাটায় আসতে পারবে।
পটুয়াখালী বিআইডব্লিটিএর সহকারী পরিচালক খাজা সাদিকুর রহমান জানান, এ রুটে লঞ্চ সার্ভিস চালু হওয়ার ফলে মানুষের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে। পর্যাপ্ত যাত্রী চলাচল করলে এ সার্ভিসটি চালু থাকবে।