আসামের নাগরিক তালিকা (এনআরসি) করে বাংলাদেশের ওপর চাপ প্রয়োগের ষড়যন্ত্রের প্রতিবাদ এবং রোহিঙ্গা প্রত্যাবাসনে সরকারের ব্যর্থতার সমালোচনা করে কাশ্মীরি জনগণের আত্মনিয়ন্ত্রণ অধিকার ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়েছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)।
গতকাল শুক্রবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক বিক্ষোভ সমাবেশে এর প্রতিবাদ জানিয়ে এ দাবি করে সংগঠনটি। সমাবেশে বাসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ভূঁইয়া খালেকুজ্জামান বলেন, ‘উন্নয়নের ডামাডোল বাজতে থাকা বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি, অর্থব্যবস্থা, প্রশাসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতিজনিত সংকটের মধ্যেই চারদিক থেকে বাহ্যিক বহুমাত্রিক সংকট ক্রমাগত চেপে আসছে।’
তিনি বলেন, ‘মিয়ানমার ১০-১১ লাখ রোহিঙ্গা ঠেলে দিয়েছে, ভারত আসাম থেকে কখনো ৪০ লাখ, কখনো ২০ লাখ আসাম নিবাসীকে বাংলাদেশি বলে বাংলাদেশে পাঠাতে চাইছে। চারদিকে কাঁটাতার, ন্যায্য পানির হিস্যা বঞ্চনা, সাগরের তেল-গ্যাস লুণ্ঠনের নতুন মহড়া ইত্যাদি মিলে সরকারের দৃষ্টিভঙ্গি, কূটনীতি ও পদক্ষেপের দৈন্য ও ব্যর্থতার খেসারত বহু মূল্যে দেশবাসীকে দিতে হবে, যা প্রত্যাশিত ছিল না।’
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। ঢাকা মহানগর বাসদের আহ্বায়ক কমরেড বজলুর রশীদ ফিরোজের সভাপতিত্বে সমাবেশে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড রাজেকুজ্জামান রতন, কেন্দ্রীয় পাঠচক্রের সদস্য নিখিল দাস, জুলফিকার আলী প্রমুখ।