রেলপথমন্ত্রী অ্যাডভোকেট মো. নূরুল ইসলাম সুজন এমপি বলেছেন, প্রাকৃতিক দুর্যোগে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত ব্যক্তি ও পরিবারগুলো যাতে পুনরায় স্বাবলম্বী হয়ে উঠতে পারে সেজন্য নানাভাবে সহায়তা করে যাচ্ছে সরকার।
গতকাল শুক্রবার সকালে জেলার বোদা উপজেলার ময়দানদীঘি ইউনিয়নের মহাজনপাড়ার নিজ বাসভবনে প্রধানমন্ত্রীর কল্যাণ তহবিল থেকে প্রাপ্ত অনুদানের চেক দুস্থ অসহায়দের মাঝে বিতরণকালে এ কথা বলেন তিনি।
সম্প্রতি চীন সফরের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, দ্রুত গতির অত্যাধুনিক রেলব্যবস্থার কারণে যাত্রীসেবা বৃদ্ধি সময় অপচয় রোধসহ চীনের আর্থ-সামাজিক ক্ষেত্রে এসেছে ব্যাপক পরিবর্তন। সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে বাংলাদেশেও অত্যাধুনিক রেলব্যবস্থা চালু করার পরিকল্পনা রয়েছে।
চেক বিতরণকালে অন্যান্যের মধ্যে বোদা উপজেলা পরিষদ চেয়ারম্যান ফারুক আলম টবি, উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ মাহমুদ হাসান, বোদা পৌর মেয়র অ্যাডভোকেট ওয়াহিদুজ্জামান সুজা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) আলমগীর রহমান, বোদা থানার ওসি আবু হায়দার মো. আশরাফুজ্জামান ও বোদা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মশিউর রহমান মানিক উপস্থিত ছিলেন।
এ সময় ২৬ দুস্থ-অসহায় মানুষের মাঝে প্রধানমন্ত্রীর কল্যাণ তহবিল থেকে প্রাপ্ত ৯ লাখ ৮০ হাজার টাকার অনুদানের চেক বিতরণ করা হয়।