ঠাকুরগাঁওয়ে পারিবারিক কলহের জের ধরে দুই শিশুসন্তানকে বিষ দিয়ে হত্যার অভিযোগে মা নুরবানু আক্তারের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে। গতকাল শুক্রবার স্বামী সেলিম বাদী হয়ে স্ত্রীকে আসামি করে রুহিয়া থানায় মামলা করেছেন। রুহিয়া থানার ওসি প্রদীপ কুমার রায় এ তথ্য নিশ্চিত করেন।
মামলার এজাহারের বরাত দিয়ে ওসি প্রদীপ কুমার রায় জানান, সদর উপজেলার ঘনিমষেপুর গ্রামে শাশুড়ির সঙ্গে ঝগড়ার জেরে গত বৃহস্পতিবার সকালে নুরবানু দুই সন্তানের মুখে বিষ দিয়ে নিজেও বিষপানে আত্মহত্যার চেষ্টা করেন। বড় মেয়ে শাম্মী আক্তারের মুখে বিষ দেওয়ায় চিৎকার করে সে ঘর থেকে বেরিয়ে আসে। এরপর প্রতিবেশীরা ওই গৃহবধূসহ তিনজনকেই উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে। জরুরি বিভাগের চিকিৎসক নুর জামালকে (দেড় বছর) মৃত ঘোষণা করেন। বিকেল ৪টায় বড় মেয়ে শাম্মী আকতার মৃত্যুর কোলে ঢলে পড়ে। এ ঘটনায় শুক্রবার ওই গৃহবধূর স্বামী সেলিম বাদী হয়ে স্ত্রীকে আসামি করে হত্যা মামলা করেন।
ওসি প্রদীপ কুমার রায় বলেন, ওই গৃহবধূ বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাকে পুলিশি নজরদারিতে রাখা হয়েছে।