প্রতিদিনের মতো গতকাল শুক্রবারও বাজারে অ্যালুমিনিয়াম দোকানের কর্মচারী বাবা ইসরাফিল হোসেনের জন্য দুপুরের খাবার নিয়ে যাচ্ছিল স্কুলছাত্রী সাদিয়া আক্তার (১৫)। পঞ্চগড়ের তেঁতুলিয়ার শালবাহান বাজারে যাচ্ছিল সে নিজের প্রিয় সাইকেলে চড়ে। কিন্তু ভাত নিয়ে বাবার কাছে আর পৌঁছানো হয়নি তার। দোকানে পৌঁছানোর আগেই একটি ট্রাক চাপা দেয় সাদিয়াকে। ঘটনাস্থলেই মারা যায় সে। নিহত সাদিয়ার বাড়ি শালবাহান ইউনিয়নের যুগীগছ এলাকায়। সে শালবাহান দ্বিমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী ছিল। এদিকে সাদিয়া ছাড়াও গতকাল সারা দেশে সড়কে ঝরেছে আরও চার প্রাণ। ভোরে রাজধানীর উত্তরায় বাসের ধাক্কায় ট্রাকের হেলপার, সকালে ভোলার লালমোহনে ব্যাটারিচালিত অটোরিকশা চাপায় স্কুলছাত্র, ভোরে গোপালগঞ্জ সদরে পিকআপ ভ্যান উল্টে মাছ ব্যবসায়ী, সীতাকুণ্ডে শিশু নিহত হয়েছে সড়ক দুর্ঘটনায়। বিস্তারিত নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবরে :
পঞ্চগড় : সাদিয়াকে চাপা দেওয়া ট্রাকটিতে আগুন ধরিয়ে দেন বিক্ষুব্ধ লোকজন। পরে তেঁতুলিয়া ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। এ সময় ট্রাকচালক কৃষ্ণ কান্ত রায়কে (২১) আটক করে পুলিশের হাতে তুলে দেন স্থানীয় লোকজন।
পুলিশ ও স্থানীয় লোকজন জানায়, সাদিয়া সাইকেল চালিয়ে বাবার জন্য দুপুরের খাবার নিয়ে যাচ্ছিল। শালবাহান বাজারের অগ্রণী ব্যাংকের সামনে পৌঁছলে উল্টো দিক থেকে আসা বাংলাবান্ধাগামী একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যায় সে।
তেঁতুলিয়া মডেল থানার ওসি জহুরুল ইসলাম বলেন, ঘটনার পর স্থানীয় লোকজন উত্তেজিত হয়ে ট্রাকটিতে আগুন ধরিয়ে দেন। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভান। ট্রাকচালককে আটক করা হয়েছে। এছাড়া জব্দ করা হয়েছে ট্রাকটিও। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
ঢাকা : ভোরে উত্তরায় বাসের ধাক্কায় রাশেদ হাওলাদার (২০) নামে এক ট্রাক হেলপার নিহত হন। তিনি ভোলা সদর উপজেলার চরগাজী গ্রামের সিরাজ হাওলাদারের ছেলে। থাকতেন রাজধানীর তেজগাঁও ট্রাকস্ট্যান্ডে। রাশেদের মামা মো. মোস্তফা বলেন, ‘বৃহস্পতিবার রাতে আশুলিয়া থেকে ট্রাকে মাল নিয়ে উত্তরা কামাড়পাড়া এলাকার আইইউবিএটি বিশ্ববিদ্যালয়ের সামনে থামি। এ সময় রাশেদ প্রস্রাব করে গাড়ির চাকা চেক করছিল। আমিও নেমেছিলাম। তখন দ্রুতগতির আসমানি পরিবহনের একটি বাস ফুটপাতের ওপর উঠে রাশেদকে চাপা দেয়। আমি কোনোভাবে সরে গিয়ে প্রাণে বাঁচি। রাশেদকে উদ্ধার করে প্রথমে একটি স্থানীয় হাসপাতালে নিয়ে যাই। অবস্থার অবনতি হওয়ায় মধ্যরাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর ভোরের দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ভোলা : লালমোহনে ব্যাটারিচালিত অটোরিকশাচাপায় শিমুল (১৪) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। সকালে উপজেলার ফরাজি বাজার নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। শিমুল বোরহানউদ্দিন উপজেলার মিঝিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র ছিল। সে ওই গ্রামের সিরাজ মাতাব্বরের ছেলে। লালমোহন থানার ওসি মীর খায়রুল কবীর জানান, ময়নাতদন্তের জন্য লাশ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। অটোচালককে আটকের চেষ্টা চলছে।
গোপালগঞ্জ : সদর উপজেলার গোপীনাথপুরে মাছবাহী পিকআপ ভ্যান উল্টে মিতুন সরকার (২৮) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। ভোরের এ ঘটনায় আহত হয়েছেন পিকআপচালক। মিতুন বাগেরহাটের ফকিরহাট উপজেলার রুদ্রগাতী গ্রামের ননী গোপাল সরকারের ছেলে। ফরিদপুরের ভাঙ্গা হাইওয়ে থানার এসআই নিত্য রঞ্জন মল্লিক জানান, ফকিরহাট থেকে একটি পিকআপ ভ্যানে করে মাছ নিয়ে ঢাকা যাচ্ছিলেন মিতুন। দুর্ঘটনাস্থলে পৌঁছলে পিকআপটির সামনের চাকা ফেটে গেলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে ফেলে দেন। এ সময় মিতুন ও চালক গুরুতর আহত হন। গোপালগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মিতুনকে মৃত ঘোষণা করেন।
সীতাকুণ্ড : সীতাকু-ে বরযাত্রীবাহী একটি বাস খাদে পড়ে রায়হান (১২) নামে এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে ১৪ জন। গতকাল শুক্রবার বিকেল ৫টায় উপজেলার বারো আউলিয়ায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের ভাটিয়ারীর বেসরকারি বিএসবি হাসপাতালে ও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) ভর্তি করা হয়েছে।