আগামী ৩০ নভেম্বর জাতীয় পার্টির (জাপা) জাতীয় কাউন্সিল। গতকাল শুক্রবার পার্টির প্রেসিডিয়াম ও সংসদ সদস্যদের যৌথ সভায় এ তারিখ নির্ধারণ হয়েছে বলে সভার উপস্থিত এক প্রেসিডিয়াম মেম্বার জানিয়েছেন। ওই প্রেসিডিয়াম মেম্বার দেশ রূপান্তরকে বলেন, সর্বশেষ কাউন্সিল হয়েছিল ২০১৬ সালের এপ্রিলে। গঠনতন্ত্র অনুযায়ী চলতি বছর এপ্রিলেই কাউন্সিল হওয়ার কথা ছিল। কিন্তু দলের চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ অসুস্থ থাকায় করা হয়নি। ওই সভায় রওশন এরশাদপন্থি দলের দুই প্রেসিডিয়াম মেম্বার আনিসুল ইসলাম মাহমুদ ও ফখরুল ইমামকে দলের সমস্ত কর্মকা- থেকে অব্যাহতি দেওয়ার ব্যাপারেও আলোচনা হয়েছে বলে জানা গেছে। দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ এনে সভায় কয়েকজন প্রেসিডিয়াম মেম্বার বলেন, এ দুজন গঠনতন্ত্র অমান্য করে রওশন এরশাদের সংবাদ সম্মেলনে সংগঠন ও সংগঠনের চেয়ারম্যানের বিরুদ্ধে কথা বলেছেন। তারা দলে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য এসব নেতাকে দায়ী করেন।
গতকাল শুক্রবার বিকেলে জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী অফিসে এ সভা হয়। সভার আগে রংপুর-৩ আসনের প্রার্থীদের সাক্ষাৎকার নেওয়া হয়। এ আসনের প্রার্থী জিয়াউদ্দিন বাবলুর স্ত্রী জেবুন্নেসার সাক্ষাৎকার ফোনে নেওয়া হয়েছে। আর শাদ এরশাদ মনোনয়ন ফরম জমা দেননি বলে জানানো হয়।
এ বিষয়ে ওই প্রেসিডিয়াম মেম্বার বলেন, চূড়ান্ত সিদ্ধান্ত বলা যাবে না। আলোচনা হয়েছে। আগামীকাল (আজ শনিবার) আবার জাপার যৌথসভা হবে। সেখানে চূড়ান্ত সিদ্ধান্ত হবে। পরে তা গণমাধ্যমকে জানানো হবে।
দুই প্রেসিডিয়াম মেম্বারের মধ্যে আনিসুল ইসলাম মাহমুদ গত বৃহস্পতিবার রওশন এরশাদের সংবাদ সম্মেলনে অংশ নিয়ে রওশন এরশাদকে দলের চেয়ারম্যান ঘোষণা দেন এবং জি এম কাদের বৈধভাবে দলের চেয়ারম্যান হননি বলে জানান। এ সময় এই দুই প্রেসিডিয়াম মেম্বার জি এম কাদেরের বিরুদ্ধে গঠনতন্ত্র ভঙ্গের অভিযোগ আনেন।
পরে সেদিন বিকেলেই পাল্টাপাল্টি সংবাদ সম্মেলনে জিএম কাদের দলের শৃঙ্খলা ভঙ্গকারীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার কথা বলেছিলেন। এর এক দিন পর গতকাল যৌথসভায় দলের সমস্ত কর্মকা- থেকে অব্যাহতির আলোচনা আসে।
এ বিষয়ে জানতে চাইলে দলের প্রেসিডিয়াম মেম্বার সুনীল শুভ রায় গতকাল রাতে দেশ রূপান্তরকে বলেন, আগামীকাল শনিবার (আজ) যৌথসভা শেষে দলের সব সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেওয়া হবে। এর আগে কিছু বলতে পারছি না।
এর আগে এরশাদ বেঁচে থাকতে দলের কো-চেয়ারম্যান ও বর্তমানে দলের চেয়ারম্যান জিএম কাদের একাধিকবার কাউন্সিলের মাধ্যমে দলের গঠনতন্ত্রের আভাস দেন। জাতীয় পার্টির চেয়ারম্যান এরশাদের সর্বময় ক্ষমতা, দলের প্রেসিডিয়াম মেম্বারদের কার্যপরিধিসহ গুরুত্বপূর্ণ কিছু বিষয়ে দলের গঠনতন্ত্রে পরিবর্তন আনার ব্যাপারেও একাধিকবার কথা বলেন। তখন তিনি বলেন, দলের আগামী কাউন্সিলেই প্রেসিডিয়াম মেম্বারদের নিয়ে এসব বিষয়ে আলোচনা করা হবে।