রোহিঙ্গা প্রত্যাবাসন

শ্রীলঙ্কার সমর্থন প্রত্যাশা পররাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশিদের জন্য অস্ট্রেলিয়ার ভিসা কেন্দ্র দিল্লি থেকে ঢাকায় স্থানান্তরের অনুরোধ জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন। একই সঙ্গে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সরাসরি কার্গো ফ্লাইট আবারও চালুর অনুরোধ জানিয়েছেন তিনি। গত মঙ্গলবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী মেরিস পেইনের সঙ্গে এক বৈঠকে এসব অনুরোধ জানান তিনি। এদিকে শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী তিলক মারাপানার সঙ্গে আরেক বৈঠকে রোহিঙ্গাদের নিরাপদে মাতৃভূমিতে ফেরাতে দেশটির সমর্থন চেয়েছেন আবদুল মোমেন। গতকাল শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো আলাদা দুটি সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

সম্প্রতি ঢাকায় অনুষ্ঠিত ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশন (আইওআরএ) সম্মেলনে যোগ দিতে ঢাকায় আসেন ভারত মহাসাগরীয় অঞ্চলের বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিনিধিরা। গত ৪ ও ৫ সেপ্টেম্বর হোটেল ইন্টারকন্টিনেন্টালে এই সম্মেলন হয়। সম্মেলনের পাশাপাশি বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে বৈঠকে অংশ নেন আবদুল মোমেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকা সফরকালে মেরিস পেইনকে বাংলাদেশিদের জন্য অস্ট্রেলিয়ার ভিসা অফিস দিল্লি থেকে ঢাকায় অস্ট্রেলিয়ান হাইকমিশনে স্থানান্তরের অনুরোধ জানান মন্ত্রী। এছাড়া অস্ট্রেলিয়ার নাগরিকদের জন্য বাংলাদেশে ‘ট্রাভেল অ্যাডভাইস’ পুনঃপর্যালোচনা করার আহ্বান জানান তিনি। রোহিঙ্গা সংকট সমাধানে বিশ্ব সম্প্রদায়ের পাশাপাশি অস্ট্রেলিয়ার সহযোগিতা আশা করেন তিনি। এ সময় দেশটির পররাষ্ট্রমন্ত্রী মেরিস পেইন সংকট সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়কে নিয়ে অস্ট্রেলিয়া মিয়ানমারকে চাপ দেবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী তিলক মারাপানার সঙ্গে বৈঠকে রোহিঙ্গাদের নিরাপদে মাতৃভূমিতে ফেরাতে প্রতিবেশী দেশটির সমর্থন চান মন্ত্রী। একই সঙ্গে দেশ দুটির মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়ানোর পরিকল্পনাও হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। হোটেল ইন্টারকন্টিনেন্টালে অনুষ্ঠিত এই বৈঠকে রোহিঙ্গা সংকট তুলে ধরে শ্রীলঙ্কান পররাষ্ট্রমন্ত্রীকে আবদুল মোমেন বলেন, এই সংকটের সমাধান না হলে এ অঞ্চলের নিরাপত্তা ব্যাহত হবে। এ সময় বাংলাদেশ থেকে ওষুধ নেওয়ার জন্য শ্রীলঙ্কাকে অনুরোধ জানান পররাষ্ট্রমন্ত্রী। বৈঠকে বঙ্গোপসাগরে সমুদ্র পর্যটন উন্নয়নে জোর দিয়েছেন তিলক মারাপানা।