রংপুরে রওশনের বিরুদ্ধে ঝাড়ু মিছিল

জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের সঙ্গে বিরোধের প্রতিবাদে রংপুরে রওশন এরশাদের বিরুদ্ধে ঝাড়ু মিছিল করেছে জাতীয় মাহিলা পার্টির নেতাকর্মীরা। গতকাল শুক্রবার বিকেলে নগরীর সেন্ট্রাল রোডে জাতীয় পার্টির দলীয় কার্যালয় থেকে মিছিলটি বের হয়ে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় মিছিল থেকে রওশন এরশাদের বিরুদ্ধে নানা সেøাগান দেওয়া হয়। মিছিল শেষে দলীয় কার্যালয়ে সমাবেশও করে তারা। সমাবেশে জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদ ঘোষিত বর্তমান চেয়ারম্যান জিএম কাদেরের প্রতি সমর্থন জানিয়ে মাহিলা পার্টির নেত্রীরা বলেন, রওশনকে কোনোভাবেই জাতীয় পার্টির চেয়ারম্যান মানবেন না দলটির দুর্গখ্যাত রংপুর এবং রংপুর বিভাগের নেতাকর্মীরা। এজন্য তারা দুর্বার আন্দোলন গড়ে তুলতে প্রস্তুত। এ ছাড়া রওশন এরশাদ ও ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদকে ২৪ ঘণ্টার মধ্যে দল থেকে বহিষ্কারেরও দাবি জানান তারা।

সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা জাতীয় মহিলা পার্টির সভানেত্রী নাঈম জেসমিন, সেক্রেটারি জোসনা বেগম, মহানগর সভানেত্রী জেসমিন বেগম ও সাধারণ সম্পাদক জেসমিন আখতার।

সম্প্রতি নিজেকে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা হিসেবে নির্বাচনের জন্য স্পিকারকে একটি চিঠি পাঠান জিএম কাদের। কিন্তু এ নিয়ে আপত্তি জানান রওশন এরশাদ। এরই ধারাবাহিকতায় রওশন এরশাদকে জাতীয় পার্টির চেয়ারম্যান ঘোষণা করা হয়। ফলে দলীয় চেয়ারম্যান পদ নিয়ে নতুন করে দ্বন্দ্ব দেখা দেয় দলটিতে। এই নিয়ে গত বৃহস্পতিবার রাজধানীতে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলনও করেন জিএম কাদের ও রওশন এরশাদ।