রংপুর-৩ আসনের উপনির্বাচনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার আজ শনিবার। বিকেল ৫টায় গুলশানে দলটির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ সাক্ষাৎকার নেওয়া হবে। গতকাল শুক্রবার দেশ রূপান্তরকে এ কথা জানিয়েছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
এর আগে গতকাল দলীয় মনোনয়ন ফরম জমা দেওয়ার শেষ দিনে জমা দিয়েছেন ৫ মনোনয়নপ্রত্যাশী। তারা হলেন রংপুর মহানগর বিএনপির সদ্য প্রয়াত সভাপতি মোজাফফর হোসেনের স্ত্রী সুফিয়া হোসেন, পিপলস পার্টি অব বাংলাদেশের সভাপতি জিয়াউর রহমান সরকারের মন্ত্রী মশিউর রহমান জাদু মিয়ার বড় মেয়ে রিটা রহমান, রংপুর মহানগর বিএনপির সহসভাপতি কাওসার জামান বাবলা, মহানগর সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম মিজু ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক রইসউদ্দিন।
রিজভী জানান, আজ ৭ সেপ্টেম্বর বিকেল ৫টায় গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে প্রার্থীদের সাক্ষাৎকার নেওয়া হবে। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ স্থায়ী কমিটির সদস্যরা মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার নেবেন।
গত ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-৩ আসনে ২০ দলীয় জোটের হয়ে ধানের শীষ প্রতীকে নির্বাচন করেছিলেন রিটা রহমান। সে সময় রংপুর মহানগর ও জেলা বিএনপিসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা তার বিরুদ্ধে অবস্থান নেন। পরে কেন্দ্রের নির্দেশে তারা রিটার পক্ষে মাঠে নামেন।
একাদশ জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা এইচ এম এরশাদের মৃত্যুর পর রংপুর-৩ আসন শূন্য ঘোষণা করে সংসদ সচিবালয়। এরপর ৫ অক্টোবর ভোটের দিন রেখে উপনির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। তফসিল অনুযায়ী ৯ সেপ্টেম্বর পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়া যাবে। ১১ সেপ্টেম্বর বাছাইয়ের পর মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে ১৬ সেপ্টেম্বর পর্যন্ত। এরশাদের দল জাতীয় পার্টির পাশাপাশি তাদের জোট শরিক আওয়ামী লীগও এ নির্বাচনে প্রার্থী দেওয়ার কথা জানিয়েছে।