জাতীয় পার্টির সাবেক চেয়ারম্যান প্রয়াত এইচ এম এরশাদের উত্তরসূরি নির্ধারণে হাইকোর্টের দ্বারস্থ হবেন সুপ্রিম কোর্টের আইনজীবী ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনে দলটির পক্ষে প্রতিদ্বন্দ্বিতাকারী ইউনুছ আলী আকন্দ। গতকাল শুক্রবার দেশ রূপান্তরকে তিনি জানান, দলটির উত্তরসূরি নির্ধারণের নির্দেশনা চেয়ে আগামীকাল রবিবার হাইকোর্টে রিট আবেদন করা হবে।
তিনি বলেন, ‘জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় নেতার পদ নিয়ে প্রয়াত এরশাদের স্ত্রী (রওশন এরশাদ) ও তার ছোট ভাইয়ের (গোলাম মোহাম্মদ কাদের) মধ্যে মনোমালিন্য ও দ্বন্দ্ব চলছে। এতে করে দলের নেতাকর্মীরা দুই ভাগে বিভক্ত হয়ে পড়েছেন। দলের চেয়ারম্যান ও বিরোধীদলীয় নেতা ঠিক করতে সর্বোপরি দলটির উত্তরসূরি নির্ধারণ করতেই হাইকোর্টে এ রিট আবেদন করা হবে।’
ইউনুছ আলী আকন্দ বলেন, ‘জাতীয় পার্টি একটি পুরনো রাজনৈতিক দল। সংসদে এখন তারা বিরোধী দলের ভূমিকা পালন করছে। পদ নিয়ে দুজনের দ্বন্দ্বের কারণে দলটির নেতাকর্মী, সমর্থক ও শুভাকাক্সক্ষীরা বিভক্ত হয়ে পড়েছেন। এই দল থেকে আমি বিগত নির্বাচনে অংশ নিয়েছি।’ তিনি আরও বলেন, ‘দলটির সাবেক চেয়ারম্যান প্রয়াত এরশাদ সাহেব নিজে আমাকে মনোনয়ন দিয়েছিলেন। দলে আমার কোনো পদ-পদবি না থাকলেও যেহেতু এই দল থেকে নির্বাচন করেছি, সেহেতু এরশাদ সাহেবের উত্তরসূরি নির্ধারণ করতেই হাইকোর্টের দ্বারস্থ হব আমি।’