প্রথম ইনিংসে ফিরেছিলেন থিতু হয়ে, দ্বিতীয় ইনিংসে পাচ্ছিলেন সেঞ্চুরির সুবাতাস। শেষ পর্যন্ত তিন অঙ্ক স্পর্শ করা হলো না আফগানিস্তানের ওপেনিং ব্যাটসম্যান ইব্রাহিম জাদরানের। আন্তর্জাতিক ক্রিকেটে অভিষিক্ত এই ব্যাটসম্যানকে উইকেট ছাড়া করে বাংলাদেশকে দারুণ একটি ব্রেুক থ্রু এনে দিয়েছেন স্পিনার নাঈম হাসান।
অভিষেক টেস্টের দ্বিতীয় ইনিংসে ব্যক্তিগত ৮৭ রানে উইকেট ছাড়া হলেন ইব্রাহিম। ফিরেছেন দলকে তিনশো ছাড়ানো লিড এনে দিয়ে। ২০৮ বলে খেলা আফগান এই ব্যাটারের ইনিংসে রয়েছে ছয়টি চার ও চারটি ছক্কার মার।
এই ইনিংস খেলার পথে চতুর্থ উইকেটে আসগর আফগানের সঙ্গে ১০৮ রানের জুটি গড়েন ইব্রাহিম। পঞ্চম উইকেটে ইব্রাহিম জাদরানের সঙ্গে গড়েন ৩৫ রানের জুটি।
ইব্রাহিমের আউটের সময় দ্বিতীয় ইনিংসে আফগানিস্তানের সংগ্রহ ছিল ৫ উইকেটে ১৭১ রান। লিড ছিল তিনশো ছাড়ানো।
টেস্টের তৃতীয় দিন শনিবার সকালে প্রথম ইনিংসে ২০৫ রানে গুঁড়িয়ে যায় বাংলাদেশ। ৮ উইকেটে ১৯৪ রান নিয়ে ব্যাট করতে নেমে ১১ রান যোগ করতেই বাকি দুই উইকেট হারিয়ে ফেলে তারা।
তাতে প্রথম ইনিংসে ১৩৭ রানের লিড পায় আফগানিস্তান। সবকটি উইকেট হারিয়ে প্রথম ইনিংসে দলটির সংগ্রহ ছিল ৩৪২ রান।