ওল্ড ট্রাফোর্ডে হেডিংলির মতো কিছু চাই ইংল্যান্ডের

ওল্ড ট্রাফোর্ড টেস্টের চতুর্থ দিন শেষে জয় দেখছে অস্ট্রেলিয়া। ইংল্যান্ডের সামনে ৩৮৩ রানের লক্ষ্য দাঁড় করিয়েছে অতিথিরা। যে লক্ষ্য তাড়া করতে নেমে শূন্য ২ উইকেট হারায় স্বাগতিকেরা। দিনের খেলা শেষ ঘোষণা হওয়ার আগ পর্যন্ত ইংল্যান্ডের পুঁজি ২ উইকেটে ১৮।

প্রথম ইনিংসে আগের দিনের ৫ উইকেটে করা ২০০ রান নিয়ে এদিন দিনের খেলা শুরু করে ইংল্যান্ড। আরো ১০১ রান যোগ করতে পেরেছে দলটি। অস্ট্রেলিয়া তাদের প্রথম ইনিংসে ৪৯৭ রান করে ইনিংস ঘোষণা করেছিল। ফলে ১৯৬ রানের লিড পায় অজিরা।

ইংল্যান্ডের পক্ষে এদিন ৪১ রানের ইনিংস খেলেছেন জস বাটলার। অজিদের পক্ষে জস হ্যাজলউড ৪ উইকেট নেন। ৩টি করে উইকেট পেয়েছেন মিচেল স্টার্ক ও প্যাট কামিন্স।

এদিন ৬ উইকেটে ১৮৬ রান করে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে টিম পেইনের দল। স্টিভেন স্মিথ আবারো ফিফটি করেছেন। অন্যরা ব্যর্থ হলেও ৮২ রানে ইনিংস খেলেন সাবেক অজি অধিনায়ক। প্রথম ইনিংসে করেছিলেন ডাবল সেঞ্চুরি (২১১)। দুই ইনিংস মিলে ওল্ড ট্রাফোর্ডে তার রান রেকর্ড ২৯৩।

দিনের শেষ ভাগে ইংলিশরা দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে প্যাট কামিন্সের প্রথম ওভারেই হরায় রোরি রার্নস ও জো রুটকে। তৃতীয় ও চতুর্থ বলে এই দুজনকে ফিরিয়ে কামিন্স জাগিয়েছিলেন হ্যাটট্রিকের আশাও। শেষ পর্যন্ত সেটি না হলেও শুরুতেই দলকে জয়ের পথে তুলে দিয়েছেন কামিন্স।

শেষ দিনে আরো ৩৬৫ রান চাই ইংলিশদের। বলাই যায় হেডিংলির মতো আবারো অবিশ্বাস্য কিছু করতে হবে তাদের। না হলে অ্যাশেজ জয়ের স্বপ্ন বিসর্জন যাবে। ৫ ম্যাচের অ্যাশেজ সিরিজে প্রথম তিন ম্যাচ শেষে ১-১ এ সমতা।