আতিয়া মহলে জঙ্গিবিরোধী অভিযান

বিস্ফোরক মামলায় ৩ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

সিলেট দক্ষিণ সুরমার আতিয়া মহলে ২০১৭ সালের মার্চে জঙ্গিবিরোধী ‘অপারেশন টোয়াইলাইট’ চলাকালে বিস্ফোরণে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যসহ ৭ জন নিহতের ঘটনায় বিস্ফোরক আইনে দায়ের মামলায় অভিযোগপত্র দাখিল করা হয়েছে।তিনজনকে অভিযুক্ত করে গতকাল শনিবার সিলেটের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন আদালতে এ অভিযোগপত্র দাখিল করেন

পরে তিনি সাংবাদিকদের জানান, অভিযোগপত্রে অভিযানের সময় নিহত মর্জিনার ভাবি আর্জিনা (১৯), তার ভাই জহুরুল হক (২৫) ও তাদের প্রতিবেশী হাসানকে (২৬) অভিযুক্ত করা হয়েছে। ২০১৭ সালের ১৫ মার্চ চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি জঙ্গি হামলার ঘটনায় তাদের পুলিশ গ্রেপ্তার করেছিল।

৫৩৪ পৃষ্ঠার অভিযোগপত্রে পুলিশসহ ৩৩ জনকে সাক্ষী করা হয়েছে। আলামত দেখানো হয়েছে ৬০টি। অভিযোগপত্রে উল্লেখ করা হয়, অভিযুক্ত তিনজনই জঙ্গি দলের সদস্য। আতিয়া মহলে অভিযানের সময় নিহত ৪ জনকে এরাই জঙ্গিবাদে উদ্বুদ্ধ করেছিলেন। এছাড়া ওই ঘটনায় মোশারফ নামে আরেক জঙ্গির সম্পৃক্ততা পাওয়া গেছে, যিনি মৌলভীবাজারে জঙ্গিবিরোধী অভিযানে নিহত হয়েছেন।

প্রসঙ্গত, ২০১৭ সালের ২৩ মার্চ দক্ষিণ সুরমার আতিয়া মহলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা জঙ্গিবিরোধী ‘অপারেশন টোয়াইলাইট’ শুরু করে। এক পর্যায়ে পাঁচতলা ভবনের ২৯টি ফ্ল্যাট থেকে নারী-শিশুসহ ৭৮ জনকে উদ্ধার করে সেনাবাহিনীর কমান্ডো দল।

অভিযানের মধ্যেই ২৫ মার্চ আতিয়া মহলের অদূরে গ্রেনেড বিস্ফোরণ হয়। পরে সেখানে রেখে যাওয়া একটি ব্যাগ জব্দ করতে গেলে সেটির বিস্ফোরণ হয়। এতে র‌্যাবের গোয়েন্দা বিভাগের প্রধান লেফটেন্যান্ট কর্নেল আবুল কালাম আজাদ, পুলিশ পরিদর্শক আবু কয়ছর, পুলিশ পরিদর্শক মনিরুল ইসলাম, ছাত্রলীগকর্মী ওয়াহিদুল ইসলাম অপু, জান্নাতুল ফাহিম, শহীদুল ইসলাম ও খামিদ শাহ নিহত হন। আহত হন অর্ধশতাধিক মানুষ।

এ ঘটনায় সিলেট মেট্রোপলিটন পুলিশের মোগলাবাজার থানার তৎকালীন এসআই শিপলু দাস বাদী হয়ে হত্যা মামলা করেন। আর বিস্ফোরক উদ্ধারের ঘটনায় আরেকটি মামলা করেন একই থানার এসআই সুহেল আহমদ। শুরুতে পুলিশ মামলা দুটি তদন্ত করলেও পরে পিবিআইতে হস্তান্তর করা হয়।

দুটি মামলারই তদন্ত কর্মকর্তা পিবিআই পরিদর্শক দেওয়ান আবুল হোসেন। এর আগে গত ৯ জুলাই তিনি হত্যা মামলায় আশরাফুল আলম নাজিম, লোকমান হোসেন ওরফে মোশারফ ওরফে সুহেল ও অজ্ঞাত আরেকজনের বিরুদ্ধে অভিযোগপত্র দেন। অভিযুক্তরা সবাই মারা গেছেন বলেও এতে উল্লেখ করা হয়।