স্টেডিয়ামের পেটে আস্ত বন

মাঠে বল নিয়ে খেলোয়াড়দের ছোটাছুটি, গ্যালারিভর্তি দর্শকদের হুল্লোড় একটা ফুটবল স্টেডিয়ামের স্বাভাবিক দৃশ্য এটি। কিন্তু অস্ট্রিয়ার একটি ফুটবল স্টেডিয়ামে এগুলোর কোনোটিই মিলবে না। প্রায় অর্ধ লক্ষাধিক ধারণক্ষমতার স্টেডিয়ামটি এখন আস্ত এক বনে রূপ নিয়েছে। মাঠের মাঝেই টিলার মতো জায়গায় মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে ৩০০ গাছ। আসলে দেশটির ক্যারিন্থিয়া ক্লাজেনফার্ট এলাকায় ওরথেসি নামের ওই স্টেডিয়ামে বনটি গড়ে তোলা হয়েছে একটি শিল্পকর্ম হিসেবে। জলবায়ু পরিবর্তন ইস্যুতে সচেতনতা বাড়াতেই কাজটি করেছেন ক্লাউস লিটম্যান নামের এক শিল্পী।

‘বনের জন্যÑ প্রকৃতির অনিঃশেষ আকর্ষণ’ শীর্ষক শিল্পকর্মটি দর্শনার্থীদের জন্য উন্মুক্ত হচ্ছে আজ রবিবার। চলবে ২৭ অক্টোবর পর্যন্ত। 

লিটম্যান অস্থায়ী বনটি তৈরি করেছেন প্রায় ১০ প্রজাতির গাছ দিয়ে। এর মধ্যে কোনো কোনো গাছের ওজন ছয় টনের বেশি। এই শিল্পী জানান, প্রায় ৩০ বছর আগে আঁকা এক শিল্পীর একটি ছবি থেকে শিল্পকর্মটি তৈরির উৎসাহ পান তিনি। 

লিটম্যান বলেন, আমাদের প্রকৃতিবোধ ও ভবিষ্যৎ চ্যালেঞ্জের বিষয়টি সবার সামনে তুলে ধরতেই উদ্যোগটি নিয়েছি আমি। এখানে প্রতীকী অর্থে প্রকৃতির গতিপ্রকৃতি অনুধাবন করতে পারবেন দর্শক।

তিনি জানান, দর্শনার্থীরা যেন কাজটির গুরুত্ব অনুধাবন করতে পারেন, সে জন্য প্রদর্শনী চলাকালে বনের ভেতরে যাওয়ার সুযোগ পাবেন তারা। 

প্রদর্শনী শেষে স্টেডিয়াম এলাকায়ই জনসমাগম হয় এমন জায়গায় গাছগুলো স্থায়ীভাবে লাগানো হবে। আর সেই প্রকল্পের নাম হবে জীবন্ত বনের কঙ্কাল।