মক্তব থেকে বাড়ি ফেরার পথে ট্রাকে বিচ্ছিন্ন রিফাতের মাথা

মক্তব ছুটি শেষে বাড়ি ফিরছিল ছোট্ট শিশু রিফাত (৬)। পথিমধ্যে বেপরোয়া গতির একটি ট্রাক তাকে চাপা দেয়। মাথা বিচ্ছিন্ন হয়ে ঘটনাস্থলেই তার করুণ মৃত্যু হয়। গতকাল শনিবার সকাল ১০টার দিকে নেত্রকোনার দুর্গাপুর উপজেলার শান্তিপুর কালামার্কেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। রিফাত উপজেলার লক্ষ্মীপুর এলাকার কৃষক রতন মিয়ার ছেলে।

স্থানীয়দের উদ্ধৃতি দিয়ে দুর্গাপুর থানার ওসি মীর মাহবুব জানান, উপজেলার কালামার্কেট বাজারের কালামার্কেট জামে মসজিদে ইসলামি ফাউন্ডেশন পরিচালিত ধর্মীয় শিক্ষা শেষে বাড়ি যাচ্ছিল শিশু রিফাত। পথে রাস্তা পার হওয়ার সময় একটি বেপরোয়া ট্রাক তাকে চাপা দেয়। এতে

মাথা বিচ্ছিন্ন হয়ে ঘটনাস্থলেই সে মারা যায়। স্থানীয়রা ট্রাকটিকে জব্দ করলেও চালক ও হেলপার দৌড়ে পালিয়ে যায়। ওসি বলেন, দুর্ঘটনার পর বিক্ষুব্ধ এলাকাবাসী আধা ঘণ্টা শ্যামগঞ্জ-দুর্গাপুর সড়ক অবরোধ করে রাখে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মরদেহ হস্তান্তরের কথা জানিয়ে তিনি বলেন, এ ঘটনায় কেউ থানায় অভিযোগ করেনি।

এদিকে সকালে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের বান্দ্রা বাজারে সাকুরা বাসের ধাক্কায় অটোরিকশা চালক শহিদ শিকদার (৪২) নিহত হন। তিনি বরগুনার আমতলী লঞ্চঘাট এলাকার কাদের শিকদারের ছেলে। কলাপাড়া থানার ওসি মনিরুল ইসলাম জানান, অটোরিকশাটি আমতলী থেকে কলাপাড়া আসছিল। কুয়াকাটাগামী বাসটি বেপরোয়া গতিতে বান্দ্রা বাজারের মোড় অতিক্রম করতে গিয়ে সেটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এ সময় অটোসহ শহিদ সড়কের পাশে ছিটকে পড়েন। গুরুতর অবস্থায় কলাপাড়া হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। লাশ এবং জব্দ বাসটি আমতলী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।