স্বরাষ্ট্রমন্ত্রী বললেন

কিশোর গ্যাং নিয়ন্ত্রণে অভিভাবকদেরও এগিয়ে আসতে হবে

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘ছোট ছোট কিশোররা গ্যাং কালচার করছে। তবে তাদের নজরদারিতে এনেছে পুলিশ। অনেককে গ্রেপ্তারও করা হয়েছে। তাদের বিরুদ্ধে নেওয়া হয়েছে কিশোর আইনে ব্যবস্থা। কিশোর গ্যাং নিয়ন্ত্রণে সবার আগে অভিভাবকদেরও এগিয়ে আসতে হবে।’ গতকাল শনিবার

মিরপুরে বাংলাদেশ অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতি আয়োজিত ‘মাদক, সন্ত্রাস, শিশু নির্যাতন, ইভটিজিং, বাল্যবিবাহ, ইন্টারনেটের অপব্যবহার প্রতিরোধে করণীয়’ শীর্ষক আলোচনা সভায় স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, সন্ধ্যার পর কিশোররা বাড়ির বাইরে থাকবে না। তারা থাকবে পড়ার টেবিলে, না হয় বাড়িতে। আমাদের নিরাপত্তা বাহিনী যথেষ্ট সজাগ ও সতর্ক রয়েছে। অপরাধী যেই হোক, তার বয়স যা-ই হোক, তাদের জন্য শাস্তির ব্যবস্থা আছে।

আসাদুজ্জামান খান কামাল বলেন, আমরা সন্ত্রাস জঙ্গিবাদের উত্থান দেখেছি। একটি মহল ঘাপটি মেরে বসে থাকে, দেশকে অকার্যকর করার জন্য। তারা একের পর এক ঘটনা ঘটিয়ে আমাদের বিপদের সম্মুখীন করেছে। সেই জায়গা থেকে আজ আমরা ঘুরে দাঁড়িয়েছি। আমি সবসময় বলি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দক্ষতায় আমরা এর সমাধান পেয়েছি। কিন্তু শুধুই আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নয়, আমাদের ঘুরে দাঁড়ানোর মূলমন্ত্র ছিল জনগণ। সন্ত্রাস-জঙ্গিবাদ সফলতার সঙ্গে মোকাবিলা করে আমরা দেশে-বিদেশে সুনাম এনে দিয়েছি। বিশ্বের অনেক দেশ এ কারণে আমাদের অনুসরণ করছে। গ্যাং কালচারও থাকবে না।

মন্ত্রী বলেন, সম্প্রতি দু-একটি ঘটনা ঘটিয়ে জঙ্গিরা তাদের অস্তিত্বের জানান দিতে চাচ্ছে। কিন্তু সেটা আর এই দেশে সম্ভব নয়, পুলিশ বাহিনী সতর্ক আছে। ১০ বছর আগের পুলিশ আর এখনকার পুলিশের মধ্যে অনেক পার্থক্য।