ঠাকুরগাঁওয়ে রানীশংকৈল উপজেলায় মোবাইল কেনাকে কেন্দ্র করে কথা কথা কাটাকাটির জেরে লাথিতে মানিক চন্দ্র (৪০) নামে এক ব্যক্তির মৃত্যুর অভিযোগ উঠেছে।
শনিবার রাত ৯টায় রানীশংকৈল পৌরসভার রুস্তম মার্কেটে এ ঘটনা ঘটে।
নিহত মানিক চন্দ্র দাস উপজেলার দাসপাড়া এলাকার ঝড়ুয়া চন্দ্র দাসের ছেলে।
পুলিশ অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে আনোয়ার ও জিয়া নামে দুইজনকে আটক করেছে।
মামলার এজাহারের বরাত দিয়ে রানীশংকৈল থানার ওসি (তদন্ত) খায়রুল আনাম ডন বলেন, রস্তম মার্কেটের ভূদেব চন্দ্র দাসের দোকান থেকে একটি মোবাইল ফোন কেনেন ওই উপজেলার সহোদর গ্রামের মৃত আইনুল হকের ছেলে আনোয়ার হোসেন (৪০)। কিন্তু মোবাইলটি ঠিকমতো চার্জ না হওয়ায় শনিবার রাতে ওই দোকানে যান তিনি। এ সময় দোকান মালিক তার চার্জার দিয়ে চার্জ দিলে চার্জ হয়।
কিন্তু আনোয়ার হোসেন দাবি, তিনি বাসায় গিয়ে মোবাইলে চার্জ দিতে গেলে হয় না। এ নিয়ে দোকানদার ভূদেব ও ক্রেতা আনোয়ারের মধ্যে কথা কাটাকাটি হয়।
দোকান মালিকের বড় ভাই মানিক চন্দ্র দাস ঘটনাস্থলে এসে আনোয়ারকে শান্ত করার চেষ্টা করেন। এসময় আনোয়ার ক্ষিপ্ত হয়ে মানিক চন্দ্রকে লাথি মারেন। এতে মাটিতে লুটিয়ে পড়েন মানিক।
স্থানীয়রা তাকে উদ্ধার করে রানীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করে।
পরে রংপুর নিয়ে যাওয়ার পথে রানীশংকৈল গোগর এলাকায় মারা যান মানিক চন্দ্র দাস।
এ ঘটনায় মানিক চন্দ্রের ভাই ভুদেব চন্দ্র দাস বাদী হয়ে আনোয়ার হোসেন, জিয়া ও লিটনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। পুলিশ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুইজনকে আটক করেছে।