জাহাজীর যাত্রা শুরু

অভ্যন্তরীণ নৌপথে লাইটারেজ জাহাজ ভাড়া করা ও পণ্য পরিবহনে জটিলতা দূর করতে যাত্রা শুরু করেছে দেশের প্রথম মোবাইল অ্যাপ ‘জাহাজী’। এই অ্যাপের মাধ্যমে লাইটারেজ জাহাজের মালিক, সাপ্লাইয়ার, ক্যারিয়ার, এজেন্ট ও ব্রোকাররা ঘরে বসেই জাহাজ বুকিং দেওয়ার পাশাপাশি এর অবস্থান নিশ্চিত হতে পারবেন। এ ছাড়া অ্যাপ ব্যবহার করে চলন্ত জাহাজ থেকেও বালু ও পাথরসহ বিভিন্ন পণ্য যাচাই-বাছাই করে কেনাবেচা করা যাবে।

গতকাল রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে অ্যাপটির উদ্বোধন করেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। এ সময় জানানো হয়, আপাতত গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ডাউনলোড করে যেকোনো অ্যান্ড্রয়েড মোবাইলে ব্যবহার করা যাবে। খুব শিগগির আসছে আইফোনে ব্যবহার উপযোগী আইএসও ভার্সনটি।

অ্যাপ উদ্বোধনী অনুষ্ঠানে নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেন,  জাহাজী অ্যাপের মাধ্যমে নৌপরিবহন খাতে যুক্ত বিশাল জনগোষ্ঠী নানা বিপত্তির হাত থেকে মুক্তি পাবে। অভ্যন্তরীণ নৌবাণিজ্যে সম্পৃক্ত জাহাজ মালিক, পণ্য পরিবহনকারী ও পণ্যের ক্রেতা-বিক্রেতা সবাই খুব সহজে ও সঠিক পন্থায় ব্যবসা পরিচালনা করার সুযোগ পাবেন। এতে শুধু বাধাবিপত্তিই কমবে না, খরচও কমবে।

জাহাজীর তরুণ উদ্যোক্তাদের সম্পর্কে নৌপরিবহন প্রতিমন্ত্রী বলেন, ‘এই তরুণরা দেশের মধ্যে থেকে, দেশের কাদামাটি শরীরে মেখেই দেশটাকে বদলে দিতে চায়। এই তরুণদের মতো আরও অনেক উদ্যোক্তা দেশ গড়ার লক্ষ্যে কাজ করে যাবে বলে আশা করি।’

অনুষ্ঠানে জাহাজীর সহপ্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কাজল আবদুল্লাহ বলেন, লাইটারেজ জাহাজ ছাড়া নৌপথে পণ্য পরিবহন ব্যবস্থাই অচল। এটিই সবচেয়ে সহজ, সাশ্রয়ী ও পরিবেশবান্ধব পণ্য পরিবহন মাধ্যম। কিন্তু অব্যবস্থাপনার কারণে এই খাতের প্রবৃদ্ধি বাড়ার বদলে কমছে।

কাজল আবদুল্লাহ বলেন, অভ্যন্তরীণ নৌপথে পণ্যবাহী জাহাজ ভাড়া করা ও পণ্য পরিবহনের সঙ্গে জড়িত থাকেন জাহাজ মালিক, সাপ্লাইয়ার, ক্যারিয়ার, এজেন্ট ও ব্রোকার। কিন্তু এ সেক্টরটি এখনো প্রাচীন পদ্ধতিতে মুখের কথা, অনুমান ও মৌখিক অঙ্গীকারের ভিত্তিতে পরিচালিত হয়। জাহাজী অ্যাপের মাধ্যমে লাইটার জাহাজের মালিক, সাপ্লাইয়ার, ক্যারিয়ার, এজেন্ট ও ব্রোকাররা ঘরে বসেই জাহাজ বুকিং দেওয়ার পাশাপাশি জাহাজের অবস্থান নিশ্চিত হতে পারবেন।

পাশাপাশি চলন্ত জাহাজ থেকে পণ্যের মূল্য ও মান যাচাই করে বালু, পাথরের মতো পণ্য কিনতে পারবেন। লাইটারেজ জাহাজের জন্য এই সেবা বিশ্বের আর কোথাও নেই।

বাংলাদেশ কার্গো ভ্যাসেল ওনার্স অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি মাহবুব উদ্দিন আহমদ বলেন, আমি মনে করি, জাহাজী অ্যাপ এই সেক্টরের একটি গেইম চেঞ্জার হতে যাচ্ছে।

প্রযুক্তি পরামর্শক নাঈমুজ্জামান মুক্তা বলেন, জাহাজীর মতো তরুণ উদ্যোক্তাদের সুযোগ দেওয়ার মাধ্যমে ডিজিটাল বাংলাদেশ গড়ার পথ সুগম হবে।