অটোমোবাইল শিল্প খাতে জাপানি উদ্যোক্তাদের যৌথ বিনিয়োগের আহ্বান জানিয়েছেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন। তিনি বলেন, জাপানের উদ্যোক্তারা এরই মধ্যে শিল্প মন্ত্রণালয়ের সঙ্গে যৌথভাবে মোটরসাইকেল, সারসহ বিভিন্ন খাতে বিনিয়োগ করেছে। বিনিয়োগ সম্প্রসারণে বর্তমান সরকারের সমর্থন অব্যাহত থাকবে।
গতকাল রবিবার জাপান এক্সটার্নাল ট্রেড অর্গানাইজেশনের (জেট্রো) প্রেসিডেন্ট ইয়াসুচি আকাহুসির সঙ্গে সাক্ষাৎকালে শিল্পমন্ত্রী এ কথা বলেন।
জেট্রো প্রেসিডেন্ট বলেন, জাপান শুরু থেকেই বাংলাদেশের সঙ্গে অংশীদারিত্বের ভিত্তিতে কাজ করছে। জাপানি কোম্পানিগুলো দীর্ঘদিন ধরে এ দেশে ভোক্তাপণ্য সরবরাহ করছে। বাংলাদেশের শিল্প খাতে জাপানি উদ্যোক্তারা বিনিয়োগ বাড়াতে আগ্রহী বলে জানান তিনি।
শিল্পমন্ত্রী বলেন, গুণগতমানের কারণে জাপানি পণ্যে বাংলাদেশিদের আস্থা রয়েছে। জাপানি উদ্যোক্তাদের বাংলাদেশের অটোমোবাইল, জ¦ালানি, মোটরসাইকেল, ম্যানুফ্যাকচারিং ও এসএমই খাতে বিনিয়োগে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
শিল্পমন্ত্রী বাংলাদেশ থেকে চাহিদা অনুযায়ী দক্ষ জনবল আমদানিতে জেট্রোর প্রেসিডেন্টের দৃষ্টি আকর্ষণ করেন। এ লক্ষ্যে তিনি জাপানি কারিগরি সহায়তায় বাংলাদেশে একটি স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট স্থাপনের তাগিদ দেন।
বৈঠককালে শিল্প মন্ত্রণালয়ের
অতিরিক্ত সচিব বেগম পরাগ, জেট্রোর বাংলাদেশ প্রতিনিধি ওজি আনন্দসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।