বিতর্কিত সাবেক রাষ্ট্রদূত মেজর (অব.) খায়রুজ্জামানের স্ত্রী রিটা রহমানকে রংপুর-৩ আসনের উপনির্বাচনে মনোনয়ন দেওয়ায় ক্ষুব্ধ হয়েছেন অন্য মনোনয়নপ্রত্যাশীরা। তাদের একজন রংপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম মিজু গতকাল রবিবার দেশ রূপান্তরের কাছে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, জেলহত্যা
মামলার আসামির স্ত্রী রিটা রহমান কখনো বিএনপিও করেননি। এমন বদনাম যার নামে আছে তাকে কেন মনোনয়ন দেওয়া হলো?
এ বিষয়ে জানতে চাইলে রিটা রহমান দেশ রূপান্তরকে বলেন, ‘জেলহত্যা মামলা থেকে খালাস পেয়েছিলেন মেজর (অব.) খায়রুজ্জামান। তার সঙ্গে বিএনপির প্রয়াত মহাসচিব কে এম ওবায়দুর রহমান, বিএনপির ভাইস চেয়ারম্যান শাহ মোয়াজ্জেম হোসেনসহ আরও কয়েকজন আসামি ছিলেন। তারাও মামলায় খালাস পেয়েছিলেন। তাছাড়া খায়রুজ্জামান ওই সময় দেশেও ছিলেন না। আওয়ামী লীগের এ নিয়ে মাথাব্যথা নেই। শুধু শুধু বিএনপি নেতাদের কেউ কেউ এ নিয়ে সমালোচনা করছে।’
এ বিষয়ে জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন দেশ রূপান্তরকে বলেন, ‘আমরা স্থায়ী কমিটির সদস্যরা লন্ডনে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দায়িত্ব দিয়েছিলাম। তার নির্দেশেই রিটা রহমানকে মনোনয়ন দেওয়া হয়েছে।’
ক্ষুব্ধ মিজু দেশ রূপান্তরকে বলেন, ‘রিটা রহমানের স্বামী জেলহত্যা মামলার এজাহারভুক্ত আসামি। তাছাড়া রিটা রহমান কখনো বিএনপি করেননি। এমন বদনাম যার নামে আছে তাকে কেন মনোনয়ন দেওয়া হলো। অথচ মহানগর বিএনপির সভাপতি মোজাফফর হোসেন মুক্তিযোদ্ধা ছিলেন, যিনি সদ্য প্রয়াত হয়েছেন। তার স্ত্রী সুফিয়া হোসেনকে মনোনয়ন দেওয়া হলেও ভালো হতো। তাছাড়া আমরা এতদিন ধরে বিএনপির রাজনীতি করে আসছি। সরকারের জুলুম-নির্যাতন সহ্য করেছি। আমাদের মূল্যায়ন না করে দল রিটা রহমানকে মনোনয়ন দিয়েছে এটা খুবই দুঃখজনক।’ তিনি বলেন, ‘এর আগে ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটা রহমানকে মনোনয়ন দেওয়া হলে প্রথমে দলের নেতাকর্মীরা তার পক্ষে কাজ করেননি। পরে দলের হাইকমান্ডের নির্দেশে নেতাকর্মীরা মাঠে নামলেও মনেপ্রাণে প্রার্থীর পক্ষে কাজ করেননি।’
বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মন্ত্রিসভার সদস্য মশিউর রহমান যাদু মিয়ার বড় মেয়ে রিটা রহমানকে গতকাল সকালেই রংপুর-৩ আসনের উপনির্বাচনে ধানের শীষের প্রার্থী ঘোষণা করা হয়। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী দলের এ সিদ্ধান্তের কথা জানান।
পিপিবি বিলুপ্ত করে বিএনপিতে রিটা রহমান : গতকাল রংপুর-৩ আসনে ধানের শীষের মনোনয়ন পাওয়ার পর পিপলস পার্টি অব বাংলাদেশের (পিপিবি) এক সভা করে সভানেত্রী রিটা রহমান তার দল বিলুপ্ত করে বিএনপিতে যোগদানের সিদ্ধান্ত নেন। সাবেক সেনা কর্মকর্তা ও পরে রাষ্ট্রদূত খায়রুজ্জামান জেলহত্যা মামলার এজাহারভুক্ত আসামি ছিলেন। নিম্ন আদালতে খালাস পেলেও মালয়েশিয়ায় রাষ্ট্রদূত থাকাকালে তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছিল। বিষয়টি দেশ রূপান্তরকে নিশ্চিত করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুতে শূন্য হওয়া রংপুর-৩ আসনের উপনির্বাচন হবে আগামী ৫ অক্টোবর। নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন আজ ৯ সেপ্টেম্বর।
গত ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-৩ আসনে রিটা রহমানকে ধানের শীষের প্রার্থী করা হয়েছিল। উপনির্বাচনে এ আসনে রিটা রহমান ছাড়াও মনোনয়নপ্রত্যাশী ছিলেন রংপুর মহানগর বিএনপির সদ্য প্রয়াত সভাপতি মোজাফফর হোসেনের স্ত্রী সুফিয়া হোসেন, রংপুর মহানগর বিএনপির সহসভাপতি কাওসার জামান বাবলা, মহানগর সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম মিজু ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক রইসউদ্দিন।