চার জেলায় গতকাল রবিবার সড়ক দুর্ঘটনায় ছয়জন নিহত হয়েছেন। এর মধ্যে রাজশাহীর পবায় ট্রাকের ধাক্কায় স্কুলশিক্ষক ও বাগমারায় ভটভটি উল্টে স্কুলছাত্র, ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে আরেক স্কুলছাত্র, খুলনায় ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক ব্যাংক কর্মকর্তা এবং গাজীপুরের কালিয়াকৈরে ট্রাকচাপায় দুই নারী নিহত হন। বিস্তারিত নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর
খুলনা : সকাল ৭টার দিকে নগরীর নিজখামার এলাকার পল্লীবিদ্যুৎ অফিসের সামনে দ্রুতগামী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক আব্দুস সামাদ (৩৭) নিহত হন। যশোরের কেশবপুর উপজেলার সরসকাঠি গ্রামের আনসার আলীর ছেলে সামাদ গোপালগঞ্জের কোটালীপাড়ায় ব্র্যাক ব্যাংকে কর্মরত ছিলেন। নগরীর লবণচরা থানার এসআই রতেœশ্বর কুমার মণ্ডল জানান, বাড়ি থেকে কর্মস্থল যাচ্ছিলেন সামাদ। পুলিশ ট্রাকটি আটক করেছে।
আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) : আখাউড়ায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে অষ্টম শ্রেণির ছাত্র সাইফুল ইসলাম (১৪) নিহত হয়। দুপুরে উপজেলার নূরপুরে এ ঘটনা ঘটে। সাইফুল উপজেলার কেন্দুয়াই গ্রামের আলমগীর মিয়ার ছেলে। সে হীরাপুর শহীদ নোয়াব মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ে পড়ত। আখাউড়া থানার ওসি (তদন্ত) আরিফুল আমিন বলেন, সাইফুল মোটরসাইকেলযোগে আখাউড়া শহর থেকে বাড়িতে ফেরার পথে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে
রাস্তায় পড়ে যায়। উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রাজশাহী : দুপুরে পবা উপজেলার আলাই বিদিরপুরে ট্রাকের ধাক্কায় স্কুলশিক্ষক আনোয়ার হোসেন রনি (৩৪) নিহত হন। মোহনপুর উপজেলার ধোপাঘাটা একে উচ্চ বিদ্যালয়ের বাংলার শিক্ষক রনি নগরীর শাহ মখদুম থানার নওদাপাড়া এলাকার হেলাল উদ্দিনের ছেলে। তিনি রাজশাহী নগর যুবলীগের শিক্ষাবিষয়ক
সম্পাদক ছিলেন। স্কুল থেকে বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় রনি মারা যান বলে জানান পবা থানার এসআই মাহফুজুর রহমান।
এদিকে বাগমারা থানার ওসি আতাউর রহমান বলেন, বিকেলে ফুটবল খেলা দেখতে ঝিকরা বাজার থেকে ইঞ্জিনচালিত একটি ভটভটিতে ২০ জন বাগমারার দিকে যাচ্ছিল। ভবানীগঞ্জ পৌরসভার দানগাছী এলাকায় পৌঁছালে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের সঙ্গে ধাক্কা খেয়ে সেটি রাস্তার পাশে উল্টে যায়। এতে ১৫ জন আহত হয়। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক আসাদুল ইসলামকে (১৩) মৃত ঘোষণা করেন। ঝিকরা সরদারপাড়া গ্রামের আব্দুল আহাদের ছেলে আসাদুল ঝিকরা উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণিতে পড়ত।
গাজীপুর : বিকেলে কালিয়াকৈরের মৌচাক তেলিরচালা এলাকায় ট্রাকচাপায় দুই নারী নিহত হন। তারা হলেন উপজেলার কামরাঙ্গাচালা এলাকার ইউনুছ আলী মুন্সীর স্ত্রী তমিরন বেগম (৫০) ও একই এলাকার আছিয়া আক্তার (৩৫)। সালনা হাইওয়ে থানার ওসি মজিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।