মাদারীপুরের কালকিনিতে গ্রাম ডাক্তারের ভুল চিকিৎসায় গোপাল মল্লিক (৪০) নামের এক রোগীর মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। গোপাল মল্লিক কালকিনি উপজেলার নবগ্রাম এলাকার পূর্ণ চন্দ্র মল্লিকের ছেলে।
খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে সোমবার মর্গে প্রেরণ করেছেন। বিষয়টি জানাজানি হলেও টাকার বিনিময়ে ধামাচাপা দেওয়ার চেষ্টা চালাচ্ছে স্থানীয় মাতব্বরেরা।
পুলিশ ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, গোপাল মল্লিকের একটি ফোঁড়া হয়। পরে তাকে স্থানীয় গ্রাম ডাক্তার অমল বাড়ৈ ওরফে দেবুর কাছে গত শুক্রবার সকালে নিয়ে যায় তার পরিবার। এসময় ওই ডাক্তার অসুস্থ গোপাল মল্লিককে ইনজেকশনসহ বিভিন্ন প্রকার ওষুধ দেন। এ ওষুধ সেবনের পরে গোপাল আরো অসুস্থ হয়ে যায়।
পরে তার অবস্থার অবনতি হলে রোববার দুপুরে বরিশালের আশোকাঠি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তার মৃত্যু ঘোষণা করেন। এরপরই টাকার বিনিময়ে ধামাচাপা দেওয়ার চেষ্টা চালাচ্ছে স্থানীয় মাতব্বরেরা।
নিহত গোপালের স্ত্রী কুঠিলা মল্লিক বলেন, আমার স্বামীর ফোঁড়া হলে তাকে দেবু ডাক্তারের কাছে নিয়ে যাই। গ্রাম ডাক্তার দেবুকে ওষুধ দিতে নিষেধ করলেও সে নিজেকে বড় ডাক্তার দাবি করে ইনজেকশনসহ বিভিন্ন প্রকার ওষুধ দেন। পরে তা খাওয়ালে আমার স্বামী মাড়া যায়। পরে দেবু আমার বাড়িতে এসে তার ভুল চিকিৎসায় মাড়া গেছে বলে সবার সামনে স্বীকার করেন। তাই আমরা মীমাংসার জন্য রাজি হয়েছিলাম। তবে এই ব্যাপারে সময় করে মামলা করতে যাবো।
গ্রামের মাতুব্বর তুষার বাড়ৈ বলেন, গোপালের মৃত্যুর খবর পেয়ে আমি ঘটনাস্থলে যাই। উভয় পক্ষের মাঝে আপোষ করে দেওয়ার কথা বলে আমি গ্রাম ডাক্তার দেবুকে নিয়ে আসি।
তবে ওই গ্রাম ডাক্তারের ভুল চিকিৎসায় গোপালের মৃত্যু হয়েছে একথা নিহতের পরিবারের কাছে স্বীকার করলেও পরে বিষয়টি এড়িয়ে যান। স্থানীয় গ্রাম ডাক্তার অমল বাড়ৈ ওরফে দেবু বর্তমানে পলাতক রয়েছেন ও তার মোবাইল ফোন বন্ধ রয়েছে।
এ ব্যাপারে ডাসার থানার ওসি মো. গোলাম কিবরীয়া বলেন, খবর পেয়ে আমরা নিহত গোপালের লাশ উদ্ধার করে মাদারীপুর মর্গে প্রেরণ করেছি।