আদমদীঘিতে দলবদ্ধ ধর্ষণের শিকার এক নারী

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন স্বামী পরিত্যক্তা এক নারী। তিনি আদমদীঘির সান্দিড়া গ্রামের বাসিন্দা ও শখের পল্লির নামের বিনোদন কেন্দ্রের মুদি দোকানি ওই নারী এক সন্তানের জননী।

রবিবার রাতে এই ঘটনার পর সোমবার বিকেলে এই ব্যাপারে আদমদীঘি থানায় মামলা দায়ের করা হয়েছে।   

জানা গেছে, ঘটনার শিকার ওই নারী রবিবার সন্ধ্যার পর তার ভাইয়ের সাথে সান্তাহার পৌর এলাকার সাইলো সড়ক দিয়ে তিয়রপাড়া সেতু এলাকায় বেড়াতে যান। পথিমধ্যে পৌর এলাকার জুয়েল, সজিব, পান্না, অনিক, টুটুলসহ কয়েকজন বখাটে তাদের পথ আটকিয়ে প্রথমে মোবাইল ফোন ও ভ্যানিটি ব্যাগে থাকা টাকা ছিনিয়ে নেয়। এরপর ওই নারীর ভাইকে মারপিট করে এবং ওই  নারীর মুখ বেঁধে বিলেরপাড়ে নিয়ে গিয়ে পালাক্রমে ধর্ষণ করে। পরে স্থানীয় এলাকাবাসী রাত সাড়ে ৯টার দিকে অসুস্থ অবস্থায় তাকে উদ্ধার করে আদমদীঘি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি হলে নওগাঁ সদর হাসপাতালে স্থানান্তর করা হয়।

সান্তাহার পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক আব্দুল ওয়াদুদ জানায়, ওই ঘটনার খবর পেয়ে সোমবার দিনব্যাপী অভিযান চালিয়ে পৌর শহরের মালগুদাম এলাকা থেকে কলসা হলুদ ঘরের শাহাজাহান আলীর ছেলে জুয়েলকে গ্রেপ্তার করা হয়েছে।

আদমদীঘি থানার পুলিশ পরিদর্শক আব্দুর রাজ্জাক জানান, এ ব্যাপারে থানায় মামলা দায়ের হয়েছে। ধর্ষকদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।