বিয়ের দাবিতে ছাত্রলীগ নেতার বাড়িতে তরুণীর অনশন

বিয়ের দাবিতে সদর উপজেলার রুহিয়া পশ্চিম ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সাজেদুল ইসলাম সজলের (২৫) বাড়িতে অনশনে বসেছেন এক তরুণী। সজলের বাবা হামিদুল ইসলাম জানান, গত ৩১ আগস্ট থেকে ওই তরুণী (২০) তাদের বাড়িতে অবস্থান করছে।

তরুণী বলেন, ‘বিয়ের প্রলোভন দেখিয়ে সজল আমাকে ধর্ষণ করত। আমি তাকে বিয়ে করতে বলেছি। কিন্তু সে রাজি না। তাই তার বাড়িতে বিয়ের দাবিতে অনশন শুরু করেছি। বিয়ে না করলে আত্মহত্যা ছাড়া আমার উপায় নাই।’

জানা যায়, এর আগে ওই তরুণী সজলের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা করেছিলেন। সেই মামলার জেল খেটে সজল জামিনে মুক্ত হওয়ার দিন ওই তরুণী এ অনশন শুরু করেন। এ বিষয়ে ওই তরুণী বলেন, ‘জেলে থাকার সময় সজল বলেছে, সে যেদিন জেল থেকে বের হবে; সেদিন যেন আমি তার বাড়িতে যাই। তাই এসেছি। কিন্তু এখন সে বিয়ে করছে না।’ সজলের সঙ্গে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

সজলের মা সাহেরা বানু বলেন, আমার ছেলের সঙ্গে মেয়েটির প্রেমের সম্পর্ক ছিল এটা সত্য। সজলের বাবা বলেন, ধর্ষণ মামলায় আমার ছেলে ৬১ দিন কারাগারে ছিল। উচ্চ আদালত থেকে জামিন পেয়ে ৩১ আগস্ট বাড়ি আসার কিছুক্ষণ পর তার প্রেমিকা আমাদের বাড়িতে চলে আসে। সে তার পরিবারের লোকজনের সহায়তায় বাড়ির একটি কক্ষে ঢুকে বিয়ের দাবিতে অনশন শুরু করে।