লালমনিরহাটে গুলিবিদ্ধ ‘মাদক কারবারি’ গ্রেপ্তার

সদর উপজেলার দুরাকুটি বটতলা এলাকায় গতকাল ভোরে নবিয়ার রহমান (৩৬) নামে এক যুবককে গুলিবিদ্ধ অবস্থায় গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের দাবি, ওই যুবক মাদক কারবারি। তিনি শহরের খোর্দ সাপটানা এলাকার আব্দুর রহিমের ছেলে।

সদর থানার ওসি মাহফুজ আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত রবিবার রাতে খোর্দ সাপটানা এলাকায় মাদক কারবারি নবিয়ার খাবার হোটেলে অভিযান চালায় পুলিশ। এ সময় হোটেল ও তার বাড়ি থেকে ১৩১ বোতল ফেনসিডিল উদ্ধার এবং তাকে গ্রেপ্তার করা হয়। রাতে তাকে নিয়ে আরও মাদকদ্রব্য উদ্ধারে দুরাকুঠি বটতলা এলাকায় পুলিশ অভিযানে যায়। তখন নবিয়ারকে ছিনিয়ে নিতে সংঘবদ্ধ মাদক কারবারিরা হামলা চালালে পুলিশ চার রাউন্ড গুলি ছোড়ে। এতে নবিয়ার দুই পায়ে গুলিবিদ্ধ হন। পরে তাকে গ্রেপ্তার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়। হামলায় এসআই মাসুদ রানা, এএসআই ইসরাফিল ও পুলিশ সদস্য আল ইমরান আহত হয়েছেন বলে জানান ওসি।