বাংলাদেশের বিনিয়োগ চান চীনা ব্যবসায়ীরা!

চীনের একটি ব্যবসায়ী প্রতিনিধিদল সফরে এসে দেশটিতে বিনিয়োগের জন্য বাংলাদেশি ব্যবসায়ীদের আহ্বান জানিয়েছে। চীনের লিয়াওনিং ফেডারেশন অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির চেয়ারম্যান ও সফরকারী প্রতিনিধিদলের প্রধান ঝাও ইয়ানকিং গতকাল ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সঙ্গে বৈঠকে বলেন, লিয়াওনিং প্রদেশটি চীনের উত্তর-পূর্ব দিকে অবস্থিত, যা জাপান, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া ও মঙ্গোলিয়ার বেশ কাছাকাছি। এ অঞ্চলের দেশগুলোতে পণ্য রপ্তানি বাড়াতে লিয়াওনিং প্রদেশে বিনিয়োগ করতে পারেন বাংলাদেশের ব্যবসায়ীরা।

তিনি বলেন, লিয়াওনিং প্রদেশ লৌহ, নিকেল, ম্যাগনেশিয়াম প্রভৃতি খনিজ পদার্থে সমৃদ্ধ এবং বিশেষায়িত প্রায় ৩৯টি পণ্য উৎপাদিত হয়। পাশাপাশি তিনি বাংলাদেশ ও লিয়াওনিং প্রদেশের মধ্যকার বাণিজ্য সহযোগিতা বাড়ানোর জন্য চেম্বারগুলোর মধ্যকার যোগাযোগ আরও বাড়ানোর ওপর জোর দেন।

গতকাল মতিঝিলে ডিসিসিআই মিলনায়তনে অনুষ্ঠিত বৈঠকে দুই সংগঠনের মধ্যে একটি সমঝোতা স্মারক সই হয়।

ঢাকা চেম্বারের ভারপ্রাপ্ত সভাপতি ওয়াকার আহমেদ চৌধুরী চীনা ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়ে বলেন, তৈরি পোশাকের পরই কৃষি ও কৃষিজাত পণ্য দ্বিতীয় বৃহত্তম রপ্তানি খাত। বৈশ্বিক বাজারে আমাদের উৎপাদিত কৃষিপণ্যের রপ্তানি বাড়াতে এ খাতের বহুমুখীকরণ ও প্রযুক্তিগত আধুনিকায়নের জন্য চীনের বিনিয়োগ সহায়ক ভূমিকা পালন করবে।

তিনি বলেন, বাংলাদেশের কৃষি খাতে চীনের বিভিন্ন প্রতিষ্ঠানের প্রায় ৩৩ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের বিষয়টি বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়া তৈরি পোশাক, ওষুধ, চামড়া ও চামড়াজাত পণ্য, ইলেকট্রনিকস এবং অটোমোবাইল প্রভৃতি খাতে বাংলাদেশে বিনিয়োগের জন্য আহ্বান জানান তিনি।