অর্থনীতিবিষয়ক সাংবাদিকদের সংগঠন ইকোনমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) সদস্যদের সঙ্গে ‘বাংলাদেশে আবাসন খাতের ডিজিটাল রূপান্তর’বিষয়ক মতবিনিময় সভা করেছে দেশের শীর্ষস্থানীয় রিয়েল এস্টেট অনলাইন মার্কেটপ্লেস বিপ্রপার্টি ডটকম।
গতকাল সোমবার সংগঠনটির সদস্যদের উপস্থিতিতে ইআরএফ অডিটরিয়ামে আয়োজিত ওই মতবিনিময় সভায় বাংলাদেশের বিভিন্ন মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ইআরএফ সহ-সভাপতি সৈয়দ শাহনেওয়াজ করিম এবং সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক এস এম রাশিদুল ইসলাম।
বিপ্রপার্টির সিইও মার্ক নসওয়ার্দি বাংলাদেশে শুরু থেকে আজ পর্যন্ত বিপ্রপার্টির কার্যক্রমের ওপর একটি প্রেজেন্টেশন উপস্থাপন করেন। এ সময় তিনি বাংলাদেশে বিপ্রপার্টি কীভাবে কার্যক্রম পরিচালনা করে এবং কীভাবে তারা বিভিন্ন প্রপার্টির তথ্যের সত্যতা যাচাই করেন সে বিষয়ে আলোচনা করেন।
সভায় বিপ্রপার্টির সিইও মার্ক নসওয়ার্দি বলেন, ‘বাংলাদেশের মানুষের আসলে কোন ধরনের সল্যুশন দরকার আমরা সেটা খুঁজে বের করার চেষ্টা করি। আমরা একটি প্রপার্টির সব ধরনের তথ্য সংগ্রহ করার জন্য অত্যন্ত পরিশ্রম করি, যাতে একজন গ্রাহক, বিক্রেতা, ক্রেতা, প্রপার্টির মালিক, ভাড়াটিয়ার প্রয়োজন অনুযায়ী তথ্য নিতে পারেন।’
ইমার্জিং মার্কেটস প্রপার্টি গ্রুপের (ইএমপিজি) অঙ্গ সংস্থা বিপ্রপার্টি ডটকম বাংলাদেশে যাত্রা করে ২০১৬ সালে এবং কোম্পানিটির ওয়েবসাইটে ভাড়া ও বিক্রি করার জন্য বর্তমানে ২৫ হাজারেরও বেশি প্রপার্টির তথ্য দেওয়া আছে।