বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ‘মিথ্যা ফখরুল’ আখ্যা দিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। গতকাল সোমবার রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
গতকাল জাতীয়তাবাদী মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর চন্দ্রিমা উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানো শেষে ফখরুল সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। ওই সময় তিনি বলেন, তাদের চেয়ারপারসন খালেদা জিয়া নন, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার ইঙ্গিতেই জাতীয় পার্টির সাবেক চেয়ারম্যান এইচ এম এরশাদ ক্ষমতায় এসেছিলেন। এ বিষয়ে হাছান মাহমুদ বলেন, ‘অনেকে মির্জা ফখরুলকে মির্জা নয়, মিথ্যা ফখরুল বলছেন। তার ক্রমাগত মিথ্যাচারই এর কারণ’। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর বক্তব্য নিয়ে মির্জা ফখরুলের এ ধরনের মন্তব্য রাজনৈতিক শিষ্টাচার-বহির্ভূত। তিনি এমন মিথ্যাচার করেন যা শুনতে পেলে গোয়েবলসও কবরে নড়ে উঠতেন।’
বিএনপির রাজনীতিই মিথ্যার ওপর প্রতিষ্ঠিত উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘বেগম জিয়া এরশাদ সাহেবের কাছ থেকে দুটি বাড়ি ও ১০ লাখ টাকা নিয়েছেন। অপ্রিয় এ সত্য সংসদে উঠে আসায় মির্জা ফখরুল এই মিথ্যাচার করেছেন, যা কোনোভাবেই কাম্য নয়।’
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান, বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী প্রমুখ।