জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা হিসেবে জাতীয় পার্টির কো- চেয়ারম্যান রওশন এরশাদ ও উপনেতা হিসেবে পার্টির চেয়ারম্যান জি এম কাদেরকে স্বীকৃতি দিয়েছেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী। গতকাল সোমবার সংসদ সচিবালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, জাতীয় সংসদে সরকারি দলের বিরোধিতাকারী সর্বোচ্চসংখ্যক সদস্য নিয়ে গঠিত সংসদীয় দলের নেতা রওশন এরশাদকে (ময়মনসিংহ-৪) জাতীয় সংসদের কার্যপ্রণালী বিধি অনুযায়ী বিরোধীদলীয় নেতা এবং লালমনিরহাট-৩ থেকে নির্বাচিত সংসদ সদস্য গোলাম মোহাম্মদ কাদেরকে বিরোধীদলীয় উপনেতা হিসেবে স্বীকৃতি দিয়েছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী
এর আগে ৮ সেপ্টেম্বর রাতে স্পিকার কাছে জাতীয় পার্টির দেওয়া এক চিঠিতে রওশন এরশাদকে বিরোধীদলীয় নেতা ও জি এম কাদেরকে উপনেতা করার আহ্বান জানানো হয়। দলের চেয়ারম্যান জি এম কাদের এই চিঠিতে স্বাক্ষর করেন।
জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুর পর জি এম কাদের দলের চেয়ারম্যানের দায়িত্ব নিলে রওশন তাতে আপত্তি তোলেন। শেষ পর্যন্ত গত শনিবার দুই পক্ষের নেতাদের সমঝোতা বৈঠকে সিদ্ধান্ত হয়, জি এম কাদেরই পার্টির চেয়ারম্যান থাকবেন। আর রওশন হবেন বিরোধীদলীয় নেতা।