বাড়া-কমার মধ্যে ডেঙ্গু রোগী

বাড়া-কমার মধ্যে রয়েছে ডেঙ্গু রোগী। একদিন কমলে পরের দিন আবার বাড়ছে। এর পরের দিন আবারও কমছে। তবে চলতি সেপ্টেম্বরের শুরু থেকে প্রতিদিন হাজারের নিচেই থাকছে নতুন আক্রান্ত রোগীর সংখ্যা। গত রবিবার সকাল ৮টা থেকে গতকাল সোমবার সকাল ৮টা পর্যন্ত সারা দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৭৬১ জন ডেঙ্গু রোগী। যা আগের ২৪ ঘণ্টার চেয়ে ৪৫ জন কম, ওইদিন সারা দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিল ৭৬১ জন। এ ছাড়া সারা দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, চলতি বছর সারা দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৭ হাজার ২৩০ জন। এর মধ্যে চিকিৎসা শেষে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছেন ৭৩ হাজার ৯৪২ জন, যা মোট আক্রান্ত রোগীর প্রায় ৯৬ শতাংশ। আর বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন ৩ হাজার ৯১ জন। এর মধ্যে ঢাকা শহরের ৪১টি হাসপাতালে ১ হাজার ৫২২ জন আর ঢাকার বাইরে সারা দেশে ১ হাজার ৫৬৯ জন। চলতি বছর এপ্রিলে ৫৮ জন, মে মাসে ১৯৩ জন, জুনে ১৮৮৪ জন, জুলাইয়ে ১৬ হাজার ২৫৩ জন এবং আগস্টে ৫২ হাজার ৬৩৬ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিল।

ঢাকায় নতুন আক্রান্ত রোগীদের মধ্যে ঢাকা মেডিকেলে ৭৯ জন, মিটফোর্ড হাসপাতালে ৫৭ জন, শিশু হাসপাতালে ৬ জন, সোহরাওয়ার্দী হাসপাতালে ১৯ জন, বিএসএমএমইউতে ১০ জন, মুগদা মেডিকেলে ২৯ জন, সিএমএইচে ৫ জন, কুর্মিটোলা হাসপাতালে ১৩ জন ভর্তি হয়েছেন। ঢাকা শহরের বাইরে ঢাকা বিভাগে ৮৮ জন, চট্টগ্রাম বিভাগে ৫৪ জন, খুলনা বিভাগে ১৩৫ জন, রংপুর বিভাগে ১৩ জন, রাজশাহী বিভাগে ৩২ জন, বরিশাল বিভাগে ৬৮ জন, সিলেট বিভাগে ৭ জন, ময়মনসিংহ বিভাগে ১৯ জন ভর্তি হয়েছেন।

আরও একজনের মৃত্যু : আমাদের প্রতিনিধিদের পাঠানো তথ্য অনুযায়ী ডেঙ্গুতে সারা দেশে আরও একজনের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া ওই নারীর নাম শাপলা খাতুন (২৩)। তিনি রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর গ্রামে বাসিন্দা হাসিবুল হাসানের স্ত্রী। গত ৪ সেপ্টেম্বর শাপলা ডেঙ্গুতে আক্রান্ত হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।