ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) আট নেতাসহ ৩৪ ছাত্রলীগ নেতাকে ‘অনিয়মের মাধ্যমে’ চিরকুটে ভর্তির ঘটনায় উদ্বেগ জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের বিএনপি-জামায়াতপন্থি শিক্ষকদের সংগঠন সাদা দল। এ ঘটনায় জড়িতদের বিচারের মুখোমুখি করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে সংগঠনটি। গতকাল সোমবার সাদা দলের আহ্বায়ক অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ দাবি জানানো হয়। এতে ঘটনার সুষ্ঠু তদন্ত শেষ না হওয়া পর্যন্ত অভিযোগ থাকাদের স্বপদে দায়িত্ব পালন থেকে বিরত থাকার দাবি জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘কোনো প্রকার বিজ্ঞপ্তি এবং ভর্তি পরীক্ষা ছাড়াই বিশ্ববিদ্যালয়ে ভর্তি একটি চরম অনিয়ম এবং অমার্জনীয় অপরাধ। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনিয়মের মাধ্যমে ভর্তি সংক্রান্ত খবরে আমরা গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করছি।’ জড়িতদের বিচারের মুখোমুখি করে শাস্তির দাবি জানিয়ে এতে বলা হয়, ‘এই অবৈধ ভর্তি প্রক্রিয়ায় জড়িতদের সবাইকে নৈতিক স্খলনের দায়ে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। তাদের জন্যই আজ ভর্তি প্রক্রিয়া নিয়ে আমাদের গর্বের স্থানটি পদদলিত হয়ে যাচ্ছে। এই ন্যক্কারজনক ঘটনার সঙ্গে যে বা যারাই জড়িত থাকুক না কেন, আমরা তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।’ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ‘আমরা আশা করব এই ঘটনার সঙ্গে জড়িত থাকা অভিযুক্তরা সুষ্ঠু তদন্ত শেষ না হওয়া পর্যন্ত নিজ নিজ দায়িত্ব পালন থেকে বিরত থাকবেন।’