বিশ্ববিদ্যালয়ের সাবেক কর্মকর্তাসহ সড়কে নিহত ৬

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় ছয়জন নিহত হয়েছে। যাত্রাবাড়ীতে ট্রাকের ধাক্কায় পরিবহন শ্রমিক, নারায়ণগঞ্জে কাভার্ড ভ্যানচাপায় ব্যাটারিচালিত অটোরিকশার দুই যাত্রী, পটুয়াখালীর দুমকিতে মোটরসাইকেলের ধাক্কায়

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) অবসরপ্রাপ্ত কর্মকর্তা, ঠাকুরগাঁও বাস নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লেগে নারী এবং লালমনিরহাটের হাতীবান্ধায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকচালক নিহত হন। গতকাল সোমবারের এসব দুর্ঘটনায় আহত হয়েছে ৩৪ জন। বিস্তারিত নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর :

ঢাকা : গতকাল যাত্রাবাড়ীর মাতুয়াইলের মা ও শিশু হাসপাতালের সামনের সড়কে ট্রাকের ধাক্কায় পরিবহন শ্রমিক আবদুল কুদ্দুস (৪৫) নিহত হন। তিনি শ্যামলী পরিবহনের একটি বাসে চালকের সহকারী ছিলেন। তার বাড়ি কুমিল্লা জেলার চান্দিনা থানার নবীয়াবাজ গ্রামে। একই বাসের সুপারভাইজার মনিরুজ্জামন জানান, মাতুয়াইল হাসপাতালের সামনে দিয়ে যাচ্ছিল তাদের বাস। এ সময় বাসের পেছনে একটি ট্রাক ধাক্কা দেয়। এতে বাসের সামনের গ্লাস ভেঙে কুদ্দুস ছিটকে পড়ে যান। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বাসের যাত্রীরা সামান্য আহত হলেও কারও অবস্থা গুরুতর নয়।

নারায়ণগঞ্জ : সকালে সদর উপজেলার গোগনগর এলাকায় কাভার্ড ভ্যানের চাপায় ব্যাটারিচালিত অটোরিকশার চালক জামাল হোসেন (৪০) ও তার ভায়রা মাসুদ মিয়া (৩৫) নিহত হয়েছেন। জামালের বাড়ি গোগনগরে আর মাসুদ রাজধানীর কামরাঙ্গীরচর এলাকার আবুল হোসেনের ছেলে। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানার এসআই আশরাফুল ইসলাম বলেন, সকাল ৬টার দিকে অটোরিকশাটি মুন্সীগঞ্জের দিকে যাচ্ছিল। এ সময় কাভার্ড ভ্যানটি পেছন থেকে সেটিকে চাপা দিলে ঘটনাস্থলে মারা যান জামাল। মাসুদকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।

দুমকি (পটুয়াখালী) : উপজেলার দুমকি গ্রামে মোটরসাইকেলের ধাক্কায় অবসরপ্রাপ্ত খামার তত্ত্বাবধায়ক অনিল কুমার দাস (৬৮) নিহত হন। গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে নিজ বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে। প্রতিবেশী কলেজশিক্ষক অধ্যাপক মাইনুল ইসলাম প্যাদা জানান, বাড়ির সামনের সড়কের পাশে দাঁড়িয়ে ছিলেন অনিল। হঠাৎ পেছন থেকে দ্রুতগতির একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে দুপুর ২টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঠাকুরগাঁও : গতকাল ভোরে সদর উপজেলার সত্যপীর ব্রিজ এলাকায় হানিফ পরিবহনের একটি নৈশ কোচ নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা খেলে এক নারী যাত্রী নিহত হন। তার পরিচয় জানা যায়নি। দুর্ঘটনায় আহত ১৭ জন ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন। হাইওয়ে পুলিশ জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়ের তেঁতুলিয়াগামী বাসটি বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কা লেগে খাদে পড়ে যায়। এতে হতাহতের এ ঘটনা ঘটে।

লালমনিরহাট : হাতীবান্ধায় সকালে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মামুন মিয়া (৩৫) নামে ট্রাকচালক নিহত হন। মামুন উপজেলার পশ্চিম বেজগ্রাম এলাকার আবদুর রউফের ছেলে। উপজেলার বড়খাতা এলাকার এ দুর্ঘটনায় আহত হয়েছে কমপক্ষে ১৭ জন। পুলিশ জানায়, সকালে পাটগ্রামের বুড়িমারীগামী পণ্যবোঝাই একটি ট্রাকের সঙ্গে বিপরীতগামী একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাকচালক মামুনসহ বাসে থাকা অন্তত ১৮ জন আহত হন। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মামুনকে মৃত ঘোষণা করেন। আশঙ্কাজনক অবস্থায় চারজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।