ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু রোগে সিদ্দিকুর রহমান (৫৫) নামে একজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার ভোরে তার মৃত্যু হয়। অন্যদিকে কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন ডেঙ্গু জ্বরে আক্রান্ত মীনা খাতুন (২৫) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় তার মৃত্যু হয়।
ফরিদপুর: সিদ্দিকুর রহমান স্থানীয় কবিরাজপুর ইউনিয়নের দফাদারের (গ্রাম পুলিশ) চাকরি করতেন। তার বাড়ি মাদারীপুর জেলার রাজৈর এলাকার কবিরাজপুর গ্রামে।
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা যায়, সিদ্দিকুর রহমান ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে রাজৈর স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে সোমবার দুপুরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। বিকেলে তিনি ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হলে ভোর রাতেই তার মৃত্যু হয়।
ফরিদপুর সিভিল সার্জন ডা. এনামুল হক জানান, ফরিদপুরে এ পর্যন্ত ২২২৩ জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিয়েছে। এর মধ্যে ১৬৪২ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। মারা গেছেন ৮ জন।
এছাড়াও গত ২৪ ঘণ্টায় ৩৫ জন রোগী ডেঙ্গু রোগ নিয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। বর্তমানে জেলায় ২৩০ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন।
কুষ্টিয়া: ভেড়ামারায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত মীনা খাতুন (২৫) ভেড়ামারা উপজেলার কাজিহাটা গ্রামের আবু রায়হানের স্ত্রী।
মীনার স্বামী আবু রায়হান জানান, জ্বরে আক্রান্ত হয়ে মীনাকে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তির পর পরীক্ষা-নিরীক্ষা করে ডেঙ্গু শনাক্তের কথা জানান চিকিৎসকরা। চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকালে মীনার মৃত্যু হয়।
ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত মেডিকেল অফিসার ডা. মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে শুক্রবার হাসপাতালে ভর্তি হন মীনা খাতুন।
অবস্থার উন্নতি না হওয়ায় গতকালই রোগীর স্বজনদের রাজশাহী মেডিকেলে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছিল কিন্তু তারা রাজশাহী নিতে অপারগ হওয়ায় এখানেই চিকিৎসাধীন অবস্থায় রোগীর মৃত্যু হয়। উপজেলায় এই প্রথমবারের মতো ডেঙ্গু আক্রান্ত রোগীর মৃত্যু হল।