নেইমারকে ফাঁসাতে গিয়ে নিজেই ফাঁসছেন সেই মডেল

ধর্ষণের অভিযোগ এনে ব্রাজিলের তারকা ফুটবলার নেইমারকে ফাঁসাতে গিয়ে এবার নিজেই আইনি ঝামেলায় পড়তে যাচ্ছেন দেশটির এক নারী মডেল। বিশ্বের সবচেয়ে দামি ফুটবলারের বিরুদ্ধে ‘মিথ্যা’ অভিযোগ আনায় সেই নারীর বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নিচ্ছে সাও পাওলোর পুলিশ।

নেইমারের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনে চলতি বছরের মে মাসে আদালতের দ্বারস্থ হন মডেল নাজিলা ত্রিনদাদে। ফাঁস হয় দু’জনের হোয়াটসঅ্যাপ আলাপ ও  সাত সেকেন্ডের একটি ভিডিও ক্লিপ। নাজিলার অভিযোগ, গত ১৫ মে প্যারিসের একটি হোটেলের রুমে নেইমার তাকে ধর্ষণ করেন। কিন্তু সবসময় এই অভিযোগ অস্বীকার করে আসছিলেন পিএসজির এই তারকা ফরোয়ার্ড।

টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে নাজিলা ত্রিনদাদে জানিয়েছিলেন, প্যারিসের হোটেলটিতে সাক্ষাতের আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে নেইমারের সঙ্গে পরিচয় হয়েছিল তার। প্যারিস থেকে দুইদিন পর ফিরলেও মানসিকভাবে খুবই বিধ্বস্ত ছিলেন তিনি। ধর্ষণের ব্যাপারে মুখ খুলতে লেগে যায় অনেকটা সময়। ৩১ মে এ ব্যাপারে নেইমারের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন ত্রিনদাদে।

ধর্ষণের অভিযোগ অস্বীকার করার পাশাপাশি উল্টো ত্রিনদাদের বিরুদ্ধে অভিযোগ এনে নেইমার জানান, তাকে ফাঁদে ফেলতে চেয়েছিল এই নারী ও তার স্বামী। জুলাইয়ের শেষ দিকে এই অভিযোগের তদন্তের ইতি টেনে পুলিশ জানায়, ধর্ষণ প্রমাণের মতো আলামত পাওয়া যায়নি।

নেইমারের বিরুদ্ধে এবার মিথ্যা অভিযোগ দায়ের ও ব্ল্যাকমেলের চেষ্টা করায় ত্রিনদাদে ও তার সাবেক স্বামী এস্তিবেন আলভেসের বিরুদ্ধ অভিযোগ এনেছে পুলিশ। তবে ত্রিনদাদের ওপর আনা এই অভিযোগে আশ্চর্য হয়েছেন তার আইনজীবী কসমে আরাউজো। তিনি জানান, তার মক্কেল আলভেসের সঙ্গে জোট করে নেইমারের কাছ থেকে কোনো প্রকার অর্থ আদায় করতে চাননি।