নারীরা পোশাকের পাশাপাশি অনুষঙ্গ হিসেবে ব্যাগ কেমন হবে তা নিয়ে বেশ সচেতন। কলেজ, বিশ্ববিদ্যালয়, পার্টি কিংবা নিত্যকার কোনো কাজে যেখানেই যান না কেন হাতে একটা ব্যাগ না থাকলে চলে না। ব্যাগ একটা সময় প্রয়োজনীয় হলেও এখন তা ফ্যাশনে পরিণত হয়েছে। নারীদের এই চাহিদা বুঝে এখন বাজারে বিভিন্ন ডিজাইন, কালার ও আকারের ব্যাগের সমারোহ বসেছে। একরঙা ও কালারফুল এসব ব্যাগ আছে লেদার, কাপড়, রেক্সিন ও প্লাস্টিকের । তবে লেদারের ব্যাগ সব থেকে বেশি জনপ্রিয়। রঙের ক্ষেত্রে বাদামি, কালো, সাদা, নেভি ব্লু, গোল্ডেন, অ্যাশ, মেরুন এসব রংই বেশি বেছে নেন নারীরা শাড়ির সঙ্গে। সব থেকে বেশি ব্যবহার করতে দেখা যায় বাদামি ও কালো রঙের ব্যাগ।
কোন সময়ে কেমন ব্যাগ
পার্স
সাধারণত বিয়ে, পার্টি কিংবা জমকালো কোনো অনুষ্ঠানে শাড়ির সঙ্গে ক্লাচ বা পার্স নেওয়া ভালো। এতে আপনার ফ্যাশনেবল লুক আসবে আর ব্যাগ বহন করার ঝক্কিও পোহাতে হবে না। এই ব্যাগ একটু ভারী নকশার শাড়ির সঙ্গে মানিয়ে যায়। তবে ফরমাল কোনো জায়গায় এ ধরনের ব্যাগ না নেওয়াই ভালো। মূলত ক্যাজুয়াল কোনো অনুষ্ঠানে শাড়ির সঙ্গে আপনি এই ব্যাগ বেছে নিতে পারেন। এখন বাজারে বিভিন্ন নকশার ও রঙের ক্লাচ বা পার্স পাওয়া যায়।
ব্যাকপ্যাক
ব্যাকপ্যাক সাধারণত ওয়েস্টার্ন পোশাকের সঙ্গে মানালেও আপনি আপনার কর্মক্ষেত্রে বা ক্লাসে শাড়ির সঙ্গে এই ব্যাগ নিতে পারেন।
কেননা ক্লাস কিংবা কর্মক্ষেত্রে আমাদের অনেক প্রয়োজনীয় জিনিস বহন করতে হয় আর ব্যাকপ্যাক খুব সহজে বহন করা যায় ও অনেক জিনিস এক সঙ্গে এই ব্যাগে জায়গা করে নেয়। তাই এসব পরিবেশে আপনি শাড়ির সঙ্গে ব্যাকপ্যাক নিতে পারেন। তবে এ ক্ষেত্রে খুব বেশি স্টাইলের ব্যাকপ্যাক না নিয়ে আপনি ফরমাল একটি ব্যাকপ্যাক বেছে নিতে পারেন।
টোটি
এই ব্যাগ সব নারীদের খুবই পছন্দের। এই ব্যাগ আকৃতিতে বেশ বড় কিন্তু এর হাতল খুবই ছোট। সাধারণত এই ব্যাগ সালোয়ার-কামিজ বা ওয়েস্টার্ন পোশাকের সঙ্গে মানালেও এটি শাড়ির সঙ্গেও আপনি বহন করতে পারেন। ব্যাগের রং ও আকারের দিকে লক্ষ রাখতে হবে। সাধারণত প্রিন্টেড লেদারের টোটি ব্যাগ জনপ্রিয় হলেও শাড়ির সঙ্গে একরঙা টোটি ব্যাগ হলে ভালো হয়।
স্লিং
এই ধরনের ব্যাগ সাধারণত ভারী কোনো শাড়ি যেমন খাদি শাড়ি, জামদানি শাড়ি, কোটা শাড়ি এসবের সঙ্গে স্লিং ব্যাগের কোনো জুড়ি নেই। এখন শাড়ির সঙ্গে এ ধরনের ব্যাগ যেন ট্রেন্ডে পরিণত হয়েছে। কেননা এটি শাড়ির সঙ্গে একটা ফিউশন লুক এনে দেয়।
মিনাউদিরে
আপনার লুকে আভিজাত্য এনে দিতে পারে এই ব্যাগ। সাধারণত ক্যাজুয়াল কোনো অনুষ্ঠানে যেমন বার্থ ডে পার্টি, গেট টুগেদার পার্টি কিংবা কোনো জমকালো অনুষ্ঠানে এই ব্যাগ আপনি শাড়ির সঙ্গে নিতে পারেন। ফ্যাশন ওয়ার্ল্ডে এই ব্যাগ বেশ জনপ্রিয়। এই ব্যাগের আকার বেশ ছোট। প্রয়োজনীয় কয়েকটি জিনিস নিতে পারবেন। শাড়ির রং ও ধরনের সঙ্গে মিলিয়ে নিন এই মিনাউদিরে।