বান্দরবানে শিক্ষা সফরে গিয়ে কলেজছাত্রের মৃত্যু

বান্দরবানে শিক্ষা সফরে বান্দরবান এসে ঝরনায় গোসল করতে নেমে তাহসান (১৯) নামে এক কলেজশিক্ষার্থী মারা গেছেন। তিনি ঢাকার আইডিয়াল কলেজের শিক্ষার্থী এবং রামপুরা এলাকার জান্নাতুল বাকীর ছেলে। গত মঙ্গলবার দুপুরে বান্দরবান শহর থেকে ১০ কিলোমিটার দূরের রেইছা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বেড়াতে আসা শিক্ষার্থীরা জানান, মঙ্গলবার সকালে কলেজের ১৩২ জনের একটি দল বান্দরবানে শিক্ষা সফরে আসে। দুপুরে শহরের কাছে একটি প্রাকৃতিক ঝরনায় বেড়াতে যান সবাই। এ সময়  ঝরনায় গোসলে নেমে হঠাৎ নিখোঁজ হয়ে যান তাহসান। পরে পানিতে ভেসে উঠতে দেখে উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

কলেজের অধ্যক্ষ জাহাঙ্গীর আলম জানান, শিক্ষার্থীদের একটি প্রাকৃতিক ঝরনা দেখতে নিয়ে যাওয়া হয়। ঝরনাটিও বেশ ছোট। এর মধ্যে তাহসান কীভাবে মারা গেল কেউ বুঝতে পারছে না।

বান্দরবান সদর থানার ওসি (তদন্ত) এনামুল হক ভুঁইয়া ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

এদিকে ঝিনাইদহে উদ্ধার করা হয়েছে গৃহবধূর মরদেহ। কক্সবাজারের টেকনাফ থেকে উদ্ধার করা হয়েছে বাংলালিংক কর্মীর লাশ। প্রতিনিধিদের পাঠানো খবরÑ

ঝিনাইদহ : সদর উপজেলার চন্দ্রজানী গ্রামে সুখী খাতুন (২৮) নামে এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে। ঘটনার পর পালিয়ে গেছে স্বামী ও তার পরিবারের লোকজন। গত মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে। এক সন্তানের জননী নিহত সুখী খাতুন ওই গ্রামের সবুজ হোসেনের স্ত্রী ও শৈলকুপা উপজেলার হারুনদিয়া গ্রামের নুর আলীর মেয়ে।

নুর আলী দাবি করেন, যৌতুকের দাবিতে নির্যাতনের পর সুখীকে হত্যা করা হয়। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। তারা টাকা দিয়ে ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে।

ঝিনাইদহ সদর থানার ওসি মিজানুর রহমান খান বলেন, এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

কক্সবাজার : টেকনাফে রিসোর্ট থেকে আরিফুল ইসলাম মাসুদ (৪০) নামে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার বেলা ১১টার দিকে টেকনাফের সৈকত সংলগ্ন আলো সি রিসোর্ট থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়। মাসুদ পিরোজপুরের ব্রাহ্মণঘাটির আবদুল মান্নান তালুকদারের ছেলে। তিনি বাংলালিংকের টাওয়ার তদারকের দায়িত্বে ছিলেন।