সরাসরি কৃষকের কাছ থেকে ধান কেনা নিয়ে রুল

অভ্যন্তরীণ খাদ্যশস্য সংগ্রহ নীতিমালা অনুযায়ী সরাসরি কৃষকের কাছ থেকে কেন ধান ক্রয় করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। এ সংক্রান্ত একটি রিট আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল বুধবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. খায়রুল আলমের সমন্বয়ে গঠিত অবকাশকালীন হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করে।

চার সপ্তাহের মধ্যে কৃষি সচিব, খাদ্য সচিব ও খাদ্য অধিদপ্তরের

মহাপরিচালককে রুলের জবাব দিতে বলা হয়েছে। আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. ফিরোজ আলম। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত দাসগুপ্ত। জাতীয় কৃষক সমিতির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম গোলাপ সম্প্রতি রিট আবেদনটি করেন।

সংশ্লিষ্ট আইনজীবীরা জানান, অভ্যন্তরীণ খাদ্যশষ্য সংগ্রহ নীতিমালা-২০১৭ অনুযায়ী, সংগ্রহ মৌসুমে কৃষকদের কাছ থেকে সরাসরি উৎপাদিত ধান ও গম এবং বৈধ ও সচল চালকল মালিকদের কাছ থেকে চুক্তির বিপরীতে সংশ্লিষ্ট মৌসুমের ধান থেকে ছাঁটাইকৃত চাল সংগ্রহ করা যাবে।

রিটকারীর আইনজীবীর অভিযোগ এই নীতিমালার ব্যত্যয় ঘটিয়ে সরাসরি কৃষকদের কাছ থেকে ধান ক্রয় না করে মধ্যস্বত্বভোগীদের কাছ থেকে তা কেনা হচ্ছে। এতে করে কৃষকরা ধানের ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হচ্ছেন।

রিট আবেদনে বলা হয়, স্থানীয় জনপ্রতিনিধিদের সরকারি দলের পছন্দের লোকজনই সরকারি গুদামে ধান সরবরাহের সুযোগ পায়। কিন্তু তারা কেউই প্রান্তিক কৃষক নন। এর ফলে ঋণ করে ধান উৎপাদন করে কৃষকরা উৎপাদন খরচও তুলতে পারছেন না।