অনেক আলোচনার পর চলতি মাসের শেষদিকে শ্রীলঙ্কা ক্রিকেট দলের পাকিস্তান সফরে যাওয়ার বিষয়টি একরকম পাকাপাকিই ছিল। এই সফরের জন্য স্কোয়াডও ঘোষণা করেছিল শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি)। কিন্তু দুই সপ্তাহ আগে আবার অনিশ্চিত হয়ে পড়েছে এই সফর। এসএলসির এক বিবৃতিতে জানানো হয়েছে, পাকিস্তান সফরে সন্ত্রাসী হামলার হুমকি পেয়েছে শ্রীলঙ্কা সরকার!
নিরাপত্তা ইস্যুতে স্কোয়াড ঘোষণার আগেই পাকিস্তান সফর থেকে সরে দাঁড়িয়েছেন ওয়ানডে অধিনায়ক দিমুথ করুনারত্নে ও টি-টোয়েন্টি অধিনায়ক লাসিথ মালিঙ্গাসহ দশ সিনিয়র ক্রিকেটার। তাদেরকে ছাড়াই বুধবার স্কোয়াড ঘোষণা করেছে বোর্ড। তবে স্কোয়াড ঘোষণার পরপরই জানা যায়, আসন্ন পাকিস্তান সফরে সন্ত্রাসী হামলার শঙ্কা রয়েছে। শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর অফিসে এই গোপন খবর আসার পর বোর্ডকেও সতর্ক করা হয়েছে।
সরকারের কাছে আসা এমন হুমকির পর পাকিস্তানের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুনভাবে ভাবার আহ্বান জানিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড, “শ্রীলঙ্কা সরকারের তরফে জানানো হয়েছে, পাকিস্তান সফরে শ্রীলঙ্কা দলের ওপর সন্ত্রাসবাদী আক্রমণ হতে পারে। এই তথ্য পাওয়ার পর পাকিস্তানের নিরাপত্তা পরিস্থিতি পুনর্মূল্যায়ন করার সিদ্ধান্ত নিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড।”
এমন হামলার হুমকির পর শ্রীলঙ্কা শেষ মুহূর্তে সফর বাতিল করবে কি-না সেটাই এখন বড় প্রশ্ন।