জনপ্রিয় মার্কিন ম্যাগাজিন পিপল সম্প্রতি বছরের সবচেয়ে স্টাইলিশ পোশাক পরা তারকাদের নামের তালিকা প্রকাশ করেছে। আর এ বছর ঘটেছে এমন ঘটনা, যা আগে কখনো ঘটেনি। তালিকায় সবার ওপরে নাম রয়েছে প্রিয়াঙ্কা চোপড়া আর নিক জোনাসের। অর্থাৎ, প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাস এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে স্টাইলিশ তারকা দম্পতি। এর আগে কোনো দম্পতি সবচেয়ে সুন্দর পোশাক পরা তারকাদের তালিকায় স্থান পায়নি। এমনকি সেরা দশেও আসেনি কোনো দম্পতির নাম। গত বছর ডিসেম্বরে বিয়ের পর থেকেই প্রিয়াঙ্কা চোপড়া আর নিক জোনাস খবরের শিরোনামে। তাদের প্রেম-ভালোবাসার ছবি বরাবরই সোশ্যাল মিডিয়ায় বিনোদনের খোরাক। তবে খ্যাতির বিড়ম্বনা বলেও তো একটা কথা আছে। এই যেমন একটি ছবির জন্য এখন সোশ্যাল মিডিয়ায় নিক জোনাসকে নিয়ে সমালোচনার ঝড় বইছে।
‘কালো রঙের স্যুট পরে সিগার খাচ্ছিলেন নিক’Ñ এমন একটি ছবি গতকাল ইন্সটাগ্রামে পোস্ট করেছেন এই তারকা। আর তাতেই বাধল বিপত্তি। ফ্যানরা মোটেও ভালোভাবে নিলেন না নিকের ধূমপান করার ছবি। নিকের ডায়াবেটিস, তা সত্ত্বেও তিনি ধূমপান করে কেন নিজের ক্ষতি ডেকে আনছেন, প্রশ্ন তুলেছেন তার ভক্তকুল। মার্কিনী ম্যাগাজিন ‘সিগার আফিসিওনাডো’র জন্যই ওই ছবি শ্যুট করেছিলেন নিক। কিন্তু তাতেও শান্ত হননি নিকের ভক্তরা। ওই পোস্টের কমেন্টে একজন লিখেছেন ‘নিক, তোমায় ভালোবাসি। কিন্তু ধূমপান করলেই কুল হওয়া যায় না।’ আর একজনের বক্তব্য ‘প্লিজ, ধূমপান করো না নিক। তোমার ডায়াবেটিস আছে।’ ওই ছবিতে আবার প্রিয়াঙ্কা কমেন্ট করেছেন, ‘সুস্বাদু’। নেটিজেনরা প্রশ্ন তুলেছেন, প্রিয়জন হয়ে কী করে প্রিয়াঙ্কা সম্মতি দিলেন ধূমপানে? যা থেকে ক্যানসার হওয়ার সম্ভাবনা থাকে! কিছুদিন আগেও প্রকাশ্যে ধূমপান করে খবরের শিরোনামে এসেছিলেন প্রিয়াঙ্কা। অ্যাজমা থাকা সত্ত্বেও কীভাবে ধূমপান করতে পারেন প্রিয়াঙ্কা, প্রশ্ন তুলেছিলেন অনেকেই।